মোদিকে দেখে নেওয়ার হুমকি মমতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে ‘কাগজের বাঘ’ আখ্যা দিয়ে গতকাল শনিবার বলেছেন, ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে কাউকে তাড়াতে এলে মোদিকে প্রথমেই ‘রয়েল বেঙ্গল টাইগারের’ মুখে পড়তে হবে।
মোদি গত রোববার এক নির্বাচনী জনসভায় হুমকি দিয়ে বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশিদের ১৬ মের পর সে দেশে ফেরত পাঠানো হবে। মোদির ওই হুমকির জবাবে মমতা গতকাল এক নির্বাচনী জনসভায় পাল্টা হুমকি দিয়ে এ কথা বলেন।
মমতা বলেন, মোদি ইতিহাস জানেন না। বাংলাদেশিরা এ দেশে এসেছেন ১৯৭১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায়। তিনি বলেন, ‘বাংলাভাষী মানেই বাংলাদেশি নন, সেটাও জানা নেই মোদির। ভারতে কেউ বাংলায় কথা বললেই তাঁকে বাংলাদেশি বলে চিহ্নিত করার প্রবণতা রয়েছে—এটা বৈষম্য। আর মোদি বাঙালি-অবাঙালিকে বিভক্ত করতে চাইছেন।’
বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে ‘বিশেষ প্যাকেজ’ দেওয়াসংক্রান্ত সভাপতি রাজনাথ সিংয়ের প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে মমতা বলেন, ‘আমরা ওই প্যাকেজ চাই না। ভিক্ষা চাই না।’
এর আগে গত শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে দলীয় প্রার্থী আর কে হান্ডারের পক্ষে প্রচারণা চালানোর সময় বিজেপির সভাপতি বলেন, ‘বাংলাদেশ থেকে অত্যাচার করে মানুষ তাড়িয়ে দেওয়া হবে, এতে আমরা চুপ করে বসে থাকতে পারি না। ১৯৭১ সালের পর যাঁরা ভারতে শরণার্থী হয়ে রয়েছেন, তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।’ কলকাতা প্রতিনিধি ও টামইস অব ইন্ডিয়া।