মোদির শপথে যাচ্ছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরীন শারমিন চৌধুরী
শিরীন শারমিন চৌধুরী

ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ২৬ মে সন্ধ্যায় নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন দেশটির চতুর্দশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শিরীন শারমিন চৌধুরী গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ২৫ মে দিল্লি যাচ্ছি৷ ২৮ মে ঢাকায় ফিরব। দিল্লি অবস্থানের সময় শপথ অনুষ্ঠান ছাড়াও একাধিক রাজনৈতিক বৈঠক করার পরিকল্পনা রয়েছে।’
চার দিনের পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মে জাপান যাচ্ছেন। তাই মোদির শপথ অনুষ্ঠানে স্পিকারকে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। শপথ অনুষ্ঠানে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি গতকাল দিল্লিকে নিশ্চিত করা হয়েছে৷
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দিল্লির পক্ষ থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়। এরপর গতকাল ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের কাছে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠান।
মোদির শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের নেতাদের আমন্ত্রণ জানানোর বিষয়টি গতকাল সকালে নিশ্চিত করেন বিজেপির মুখপাত্র নির্মলা সীতারামন। এভাবে ব্যাপকভাবে সব প্রতিবেশী দেশের নেতাদের আমন্ত্রণ জানানোর বিষয়টি ভারতীয় প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের ক্ষেত্রে একটি নতুন নজির৷
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, পররাষ্ট্রসচিব সুজাতা সিং নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়ে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রসচিবদের কাছে চিঠি পাঠিয়েছেন৷
ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর নেতাদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার ওপর মোদির গুরুত্বের বিষয়টি প্রতিফলিত হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ভারতীয় বিশ্লেষক সি রাজা মোহন বলেন, প্রতিবেশীদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণের সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক সিদ্ধান্ত। এ অঞ্চলের সবচেয়ে বড় দেশ হিসেবে সব প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়াটা ভারতের জন্য জরুরি।