মোদির সফরকে ইতিবাচক হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ইতিবাচক হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। দেশটি মনে করে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতা এ অঞ্চলকে আরও স্থিতিশীল করবে। যার সুফল ভোগ করবে এ অঞ্চলের জনগণ।
গতকাল সোমবার মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এইল্যান ও’কনর বাংলাদেশ-ভারত সফর নিয়ে এ মন্তব্য করেন। রাজধানীর আমেরিকান ক্লাবে কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রীর সফরকে কীভাবে মূল্যায়ন করেন ‘জানতে চাইলে এইল্যান ও’কনর বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক একটি ইতিবাচক দিক। আর সম্পর্কের উন্নয়ন মানেই ইতিবাচক উন্নয়ন। ব্যবসা, বাণিজ্য, জনগণের চলাচল ও ভাবনার আদান-প্রদানের মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যাপকতর সহযোগিতা নিয়ে বাংলাদেশের মতো আমরাও উৎসাহী।’
তাঁর মতে, মধ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে আরও বেশি সমন্বয় প্রক্রিয়া সমর্থন করে যুক্তরাষ্ট্র। কারণ, ব্যাপকতর সংযোগ, বাণিজ্য ও জনগণের যোগাযোগ এ অঞ্চলের দেশগুলো সমৃদ্ধি লাভ করবে। এসব দেশ যত সমৃদ্ধ ও স্থিতিশীল হবে, তা শুধু এ অঞ্চলের জন্য নয়, যুক্তরাষ্ট্রের জন্য কল্যাণকর হবে।
সীমান্ত চুক্তির বিষয়ে মন্তব্য করতে গিয়ে এইল্যান ও’কনর বলেন, দুই দেশের জন্য সীমান্ত চুক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ চুক্তি। যুক্তরাষ্ট্র এটিকে একটি মাইলফলক চুক্তি হিসেবে স্বীকৃতি দেয়।
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারতের চোখে দেখে এমন ধারণা নাকচ করে দেন এই মার্কিন কর্মকর্তা। এইল্যান ও’কনর বলেন, ‘আমি এ ধারণার সঙ্গে একমত নই। যুক্তরাষ্ট্র নিজের চোখ দিয়েই বাংলাদেশকে দেখে, অন্যের চোখ দিয়ে নয়।’ সহিংস উগ্রবাদ রোধে আঞ্চলিক সম্মেলনের ব্যাপারে আলোচনার জন্য তিনি বাংলাদেশ সফর করছেন বলে উল্লেখ করেন। ২৯ ও ৩০ জুন কাজাখস্তানের রাজধানী আস্তানায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।