মোদির সফরে আসাম ত্রিপুরা উপেক্ষিত!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বাংলাদেশ সফরে আসাম ও ত্রিপুরাকে উপেক্ষা করা হয়েছে বলে ওই দুই রাজ্যের মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন। ভারতের জাতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় গতকাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে তাঁদের এই ক্ষোভের কথা উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, ভারত ও বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তির অনুসমর্থনের দলিল হস্তান্তর করেছে। এই চুক্তিতে আসাম, মেঘালয় ও ত্রিপুরার ভূমি বিনিময়ের বিষয় জড়িত।
আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মোদির সফরে এ অঞ্চলের মুখ্যমন্ত্রীদের বাদ দেওয়ায় কঠোর সমালোচনা করেন। গত রোববার তিনি বলেন, ‘এভাবে মুখ্যমন্ত্রীদের বাদ দেওয়া যুক্তরাষ্ট্রীয় চেতনার বিরোধী। এই আচরণের মাধ্যমে এমনটা মনে হতে পারে, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর কোনো ভূমিকা নেই।’
ত্রিপুরার পরিবহনমন্ত্রী মানিক দে গত রোববার বলেন, কলকাতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-শিলং-গুয়াহাটি বাস সার্ভিস চালু করা হয়েছে। অথচ সেই অনুষ্ঠানে আসাম, ত্রিপুরা বা মেঘালয়ের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। এই আচরণের ফলে এ অঞ্চলের মানুষের আবেগের প্রতি অসম্মান জানানো হয়েছে।
মানিক দে বলেন, এর মাধ্যমে বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদির সংকীর্ণ রাজনৈতিক চিন্তাধারার প্রতিফলন ঘটেছে। কয়েক বছর ধরে আসাম ও ত্রিপুরা বাস সার্ভিস চালু করার পক্ষে বলে আসছে। আগের কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় এই উদ্যোগ শুরু হয়েছিল। আর এই উদ্যোগের ফলে তিন রাজ্যের মানুষই উপকৃত হবে। এই বাস সার্ভিস শুরুর ঐতিহাসিক মুহূর্তে তিন রাজ্যের কোনো প্রতিনিধি থাকল না।
তিনি বলেন, বাস সার্ভিসের পাশাপাশি আখাউড়া থেকে আগরতলার মধ্যে রেল যোগাযোগের বিষয়টি ঝুলে আছে দীর্ঘদিন ধরে। মোদির সফরে সেই বিষয়টিও উপেক্ষিত।