ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বাংলাদেশের জন্য লাভজনক হয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ভারতবিরোধী লেখকেরা পত্রপত্রিকায় লিখেছেন, এ সফরে বাংলাদেশ দিয়েছে অনেক, পেয়েছে কম। প্রকৃতপক্ষে বাংলাদেশেরই লাভ বেশি হয়েছে।
গতকাল ভোলা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘শিল্পী সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তোফায়েল আহমেদ।
বাংলাদেশ বেশি লাভবান হওয়া নিয়ে নিজ দাবির পক্ষে যুক্তি তুলে ধরে অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পণ্যবাহী গাড়ি এখন সরাসরি নেপাল, ভুটানসহ উত্তর-পূর্ব ভারতের সাত প্রদেশে যেতে পারবে। রপ্তানি বাড়বে। মংলা-চট্টগ্রাম পোর্ট ভারতের ব্যবহারে দেশের শুল্ক ও ভ্যাট বাড়বে। স্থলসীমান্ত চুক্তি বাংলাদেশের জন্য বিরাট অর্জন। আমাদের বিজয়।’
মোদির সফর নিয়ে সমালোচকদের সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যখন আমরা কুইক রেন্টাল বিদ্যুৎ প্ল্যান্ট করেছিলাম, তখন সমালোচকেরা উল্টাপাল্টা সমালোচনা করেছিলেন। আজকে তাঁদের কপালে কালি পড়েছে।’
অনুষ্ঠানে নাটক, আবৃত্তি, সংগীত, নৃত্য ও যন্ত্রশিল্পে অবদানের জন্য প্রবীণ নাট্যব্যক্তিত্ব আবু তাহের, এম ফারুকুর রহমান, প্রশান্ত করঞ্জাই, আনোয়ার হোসেন, কাজী নাছিমা শিরিন তুলি, মঞ্জুর আহমেদ, হাসান মাহমুদ, প্রদীপ রায়, ভাস্কর মজুমদারকে ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেন তোফায়েল আহমেদ।