মোনঘরের ৪০তম বর্ষপূর্তিতে মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০তম বর্ষপূর্তিতে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী দাতব্য প্রতিষ্ঠান ‘মোনঘর’ শিশুসদনের ক্যাম্পাস মিলনমেলায় পরিণত হয়। গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটির চত্বরে দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ঊষাতন তালুকদার বলেন, ‘মোনঘর প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা-সংস্কৃতি ও মানবকল্যাণে আলোকবর্তিকা হয়ে এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি দুর্গম এলাকার গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের মানসম্মত শিক্ষা দিয়ে পার্বত্য চট্টগ্রামকে আলোকিত করে তুলেছে। মানবসেবায় মোনঘর একটি অনন্য দৃষ্টান্ত।’
মোনঘর পরিচালনা কমিটির সভাপতি সুকুমার দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, রাঙামাটি পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মোনঘর পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীমৎ বুদ্ধদত্ত ভিক্ষু।
মোনঘর শিশুসদনের নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমা জানান, জুমচাষিদের খেতের ফসল তোলার জন্য তৈরি ঘরকে আদিবাসীরা মোনঘর বলে। স্বাধীনতা-পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামের দরিদ্র ও মেধাবী আদিবাসী শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে রাঙামাটির শহরতলি রাঙাপানি গ্রামে বৌদ্ধসাধক জ্ঞানশ্রী মহাথের এবং তাঁর শিষ্য বিমলতিষ্য মহাথের, প্রজ্ঞানন্দ মহাথের, শ্রদ্ধালংকার মহাথের, সজ্জন চাকমা ও সুভাষ চাকমা মোনঘর প্রতিষ্ঠা করেন। পরে ফরাসি নাগরিক পিয়ার মার্চন্ড মোনঘর শিশুসদনের উন্নয়ন ও মানসম্মত শিক্ষা প্রসারে দীর্ঘ সময় সহযোগিতা দেন।
সকাল থেকে দেশ-বিদেশ থেকে আসা প্রাক্তন ছাত্রছাত্রী, প্রতিষ্ঠাতা সদস্য, শুভাকাঙ্ক্ষীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে মোনঘর চত্বর। এ সময় মোনঘর ক্যাম্পাস মিলনমেলায় পরিণত হয়। সাড়ে নয়টায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর মোনঘর সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা দেওয়া হয়।