মোনায়েম দুই দিনের রিমান্ডে
নারায়ণগঞ্জের ফরাজীকান্দা থেকে আটক মোনায়েম হোসেন ওরফে মনাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার থানায় সোর্পদ করেছে র্যাব। পরে র্যাব-১১-এর ডিএনডি নজরুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। সেই মামলায় আদালতের মাধ্যমে মোনায়েমকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণ ঘটনায় প্রধান সন্দেহভাজন শেখ রহমাতুল্লাহ ওরফে সাজিদের বড় ভাই সন্দেহে গতকাল মোনায়েমকে তাঁর বাড়ি থেকে আটক করে র্যাব। তবে সাজিদই নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজীকান্দার মাসুম কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি নারায়ণগঞ্জের জেলা প্রশাসন।
র্যাবের মামলার অভিযোগের বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ভারতে গ্রেপ্তার সাজিদ শীর্ষ জঙ্গি। মোনায়েম তাঁর ভাইয়ের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততায় সহায়তা ও প্ররোচনায় জড়িত হতে পারে। এই কারণে যাচাইবাছাই করার জন্য তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আইনি হেফাজতে রাখার জন্য মামলা করেছে র্যাব।
ওসি নজরুল আরও জানান, মোনায়েমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে বন্দর থানায় পুলিশ হেফাজতে থাকাকালে সাংবাদিকদের মনোয়ার বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি ওয়ার্কশপে কাজ করে খাই। আমার ছোট ভাই মাসুমের সঙ্গে ১০ বছর যাবৎ কোনো যোগাযোগ নেই। আমরা জানি যে একটি ডাকাতির মামলায় সে কারাগারে রয়েছে। আমাকে সোমবার রাত দেড়টার দিকে বন্দরের বাড়ি থেকে র্যাব ধরে নিয়ে যাওয়ার পর আমার ভাই মাসুম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে। তবে আমাকে ভারতে গ্রেপ্তারকৃত সাজিদের কোনো ছবি অথবা ভিডিও দেখায়নি র্যাব।’
এদিকে সাজিদ ওরফে মাসুমের পরিচয় নিশ্চিত হওয়া প্রসঙ্গে জেলা পুলিশ সুপার খন্দকার শহিদ উদ্দিন বলেন, ‘আমরা ধারণা করছি, ভারতে গ্রেপ্তার সাজিদই নারায়ণগঞ্জের বন্দরের ফরাজীকান্দা এলাকার মাসুম। আর মনোয়ার ওরফে মনাই তাঁর ভাই। কারণ সাজিদ সম্পর্কে আমরা আনুষ্ঠানিকভাবে কোনো তথ্যও পাইনি। তবে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।’