মোনায়েম খানকে 'শহীদ' আখ্যা দেওয়া স্কুল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানকে ‘শহীদ’ আখ্যা দেওয়া, প্রতিষ্ঠানের দাপ্তরিক কাগজপত্রে পাকিস্তানের পতাকার অনুকরণে চাঁদ-তারা খচিত মনোগ্রাম ব্যবহার করাসহ কয়েকটি অভিযোগে ময়মনসিংহের একটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গতকাল রোববার প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

বন্ধ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এটি ময়মনসিংহ শহরের সাহেব আলী সড়কে অবস্থিত। মোনায়েম খানের মেয়ে নাসরিন মোনায়েম খান প্রতিষ্ঠানটির অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবদুল লতিফ প্রতিষ্ঠানটির ফটকে বন্ধ-সংক্রান্ত বিজ্ঞপ্তি টাঙিয়ে দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই পরিচালনা করা হচ্ছিল অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী মোনায়েম খানকে ‘শহীদ’ আখ্যা দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের দাপ্তরিক কাগজপত্রে চাঁদ-তারা খচিত লোগো ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া এর শিক্ষা কারিকুলামে বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ের কোনো ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়নি এবং বাংলাদেশের কোনো জাতীয় দিবস পালন করা হয় না। এসব অভিযোগ উল্লেখ করে গত বছরের ২৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন নব্বইয়ের গণ-আন্দোলনের সঙ্গে যুক্ত ময়মনসিংহের তৎকালীন ছাত্রনেতারা। তদন্ত করে সব অভিযোগের সত্যতা পায় জেলা প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন দেন। শিক্ষা মন্ত্রণালয় গত বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. খলিলুর রহমানকে শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে বলে।

জানা গেছে, অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৯৬ সালে। প্রতিষ্ঠার সময় প্রধান ফটকে পাকিস্তানের পতাকার আদলে চাঁদ-তারা খচিত লোগো ছিল এবং মোনায়েম খানকে ‘শহীদ’ আখ্যা দেওয়া হয়। ১৯৯৮ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান পালনের দিন মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ সাইনবোর্ডে আলকাতরা দিয়ে ওই সব লেখা ও লোগো ঢেকে দিয়েছিলেন।

নব্বইয়ের গণ-আন্দোলনের সঙ্গে যুক্ত ময়মনসিংহের তৎকালীন ছাত্রনেতা (জাসদ-ছাত্রলীগ) নজরুল ইসলাম বলেন, নাসরিন মোনায়েম খান শিক্ষার্থীদের কাছে মোনায়েম খানকে ‘শহীদ’ হিসেবে প্রচারের চেষ্টা করে আসছিলেন। গত বছরের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। এ বছরের শুরুতেই স্কুল শাখায় ভর্তির প্রচারপত্রে ইংরেজিতে লেখা ছিল, ‘ডেডিকেটেড টু দ্য মেমোরি অব শহীদ গভর্নর আবদুল মোনেম খান’। প্রচারপত্রে চাঁদ-তারা খচিত লোগোও ব্যবহার করা হয়।

জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী যেসব অভিযোগ উঠেছে, প্রাথমিক তদন্তে জেলা প্রশাসন তার সব কটির সত্যতা পায়। এ প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠালে মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার নির্দেশ নেওয়া হয়।