মোনায়েমের তথ্য জানতে মালয়েশিয়ায় দুদকের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংকের বরখাস্ত হওয়া উপব্যবস্থাপনা পরিচালক এ মোনায়েম খানের মালয়েশিয়ায় ‘সেকেন্ড হোম’ প্রকল্পে বিনিয়োগের তথ্য চেয়ে দেশটির কাছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।

মালয়েশিয়ায় ‘সেকেন্ড হোম’ প্রকল্পে অবৈধভাবে ৩ লাখ রিংগিত (বাংলাদেশি ৭৫ লাখ ৮১ হাজার টাকা) পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মোনায়েম খানের বিরুদ্ধে এ বছরের ৪ ফেব্রুয়ারি মামলা করে দুদক। অভিযোগ রয়েছে, এ অর্থ তিনি অবৈধ পথে হুন্ডির মাধ্যমে মালয়েশিয়ায় পাচার করেছেন।
সূত্রটি জানিয়েছে, বর্তমানে এমএলএআর পাঠানোর জন্য মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের অনুমোদন চেয়েছেন। অনুমোদন পাওয়ার পরই অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে মালয়েশিয়ায় এমএলএআর পাঠানো হবে।
এ বিষয়ে দুদকের তদন্ত কর্মকর্তা কিংবা মানি লন্ডারিং শাখার কোনো কর্মকর্তা মন্তব্য করতে চাননি। মোনায়েম খানের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা তদন্ত করছেন দুদকের উপপরিচালক সাজ্জাদ হোসেন।
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বেসিক ব্যাংকের ডিএমডি এ মোনায়েম খানসহ শীর্ষস্থানীয় ছয় কর্মকর্তাকে গত বছরের ১৭ এপ্রিল সাময়িক বরখাস্ত করে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
এ ছাড়াও মোনায়েম খানের বিরুদ্ধে আরেকটি এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা করে দুদক। মোনায়েম খানের বিরুদ্ধে ৭৪ লাখ ৮০ হাজার ৯৮৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তাঁর স্ত্রী শাহানা পারভিনের বিরুদ্ধে ২ কোটি ২ লাখ ৮৯ হাজার ৪২০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।