আত্মসমর্পণের পাঁচ দিনের মাথায় জামিনে মুক্তি পেয়েছেন নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি ও শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া। গতকাল মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের হাকিম মো. শাহজাহান মোন্তাজের জামিন আবেদন মঞ্জুর করেন। বিকেলে নরসিংদী জেলা কারাগার থেকে মুক্তি পান মোন্তাজ।এদিকে নরসিংদীর পৌর মেয়র পদের উপনির্বাচনে মোন্তাজের মনোনয়ন বাতিল করা হলেও গতকাল তা বৈধ ঘোষণা করা হয়েছে। লোকমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত তিন ও সন্দেহভাজন নয় আসামির মধ্যে প্রথম জামিনে মুক্তি পেলেন মোন্তাজ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নিহত লোকমানের পরিবারের সদস্যরা। তাঁরা জামিন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।আদালত সূত্রে জানা যায়, দুই দফায় এক দিন করে রিমান্ড শেষে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আসামি মোন্তাজকে নরসিংদীর মুখ্য বিচারিক আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর আইনজীবীরা ওই আদালতে জামিন আবেদন না করে জেলা ও দায়রা জজের আদালতে জামিন আবেদন করেন।এ সময় মোন্তাজের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন নরসিংদী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান, সহসভাপতি এস এ হাদিসহ অর্ধশত আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী। রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি ন. ম. রুহুল আমিন ও বাদীপক্ষের আইনজীবী মো. আসাদ আলী জামিনের বিরোধিতা করেন।শুনানিতে মোন্তাজের আইনজীবীরা বলেন, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মেয়র লোকমানকে যখন গুলি করা হয় তখন মোন্তাজ তাঁর পাশে ছিলেন। তিনি যদি এই হত্যার সঙ্গে জড়িত থাকতেন তাহলে ওই সময় তিনি আওয়ামী লীগের কার্যালয়ে থাকতেন না। বাদীপক্ষের আইন-জীবীরা আদালতকে বলেন, এজাহারভুক্ত এই আসামি জামিন পেলে শহরে আবারও আইনশৃঙ্খলার অবনতি হতে পারে।হাকিম মো. শাহজাহান এজলাসে বসে লোকমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে আদালতে ১৬৪ ধারায় আটজনের দেওয়া ১১০ পৃষ্ঠার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রায় দেড় ঘণ্টাব্যাপী পর্যালোচনা করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত মোন্তাজের জামিনের আবেদন মঞ্জুর করেন।লোকমান হত্যা মামলার বাদী ও পৌর মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান বলেন, ‘এ জামিন আদেশের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে আপিল করব। এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না।’নিহত লোকমানের স্ত্রী তামান্না নুসরাত প্রথম আলোকে বলেন, ‘এত বড় একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মোন্তাজ। কিন্তু মামলার দুই মাস না পেরোতেই তিনি জামিন পেয়ে গেছেন! এ বিষয়ে আর কিছু বলার নেই।’