মোন্তাজের জামিনের আদেশ কেন বাতিল নয়: হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যা মামলার আসামি নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়ার জামিনের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এ কে এম সহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার এ রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে আবেদনকারী পক্ষে আইনজীবী এ এস এম আবদুল মোবিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল। পরে আবদুল মোবিন প্রথম আলোকে বলেন, ৩ জানুয়ারি মোন্তাজ উদ্দিন ভূঁইয়ার জামিন মঞ্জুরের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন।জানা যায়, লোকমান হত্যা মামলার ১৪ আসামির একজন মোন্তাজ ২৯ ডিসেম্বর নরসিংদীর আদালতে আত্মসমর্পণ করেন। ৩ জানুয়ারি আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। এর বিরুদ্ধে চলতি সপ্তাহে লোকমানের ছোট ভাই কামরুজ্জামান হাইকোর্টে রিভিশন আবেদন করেন। গতকাল আবেদনের ওপর শুনানি হয়।