পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে একাত্তরে মুক্তযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার সাক্ষ্য দিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান।
বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।
জবানবন্দিতে আনিসুজ্জামান জানান, ১৯৭১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে রিডার হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২৫ মার্চের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়েক দিন প্রতিরোধের কাজে যুক্ত ছিলেন। ১৯৭১ সালের ২৫ এপ্রিল ভারতের আগরতলায় এবং সেখান থেকে ১৫ মে কলকাতায় সপরিবারে যান। সেখানে গিয়ে বাংলাদেশ থেকে যাওয়া শরণার্থী শিক্ষকদের সংগঠন গড়ার কাজে যুক্ত হন। দেশ স্বাধীন হওয়ার পর ১৭ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার বিষয়টি সংবাদপত্রের মাধ্যমে জানতে পারেন। ১৯৭২ সালের ৮ জানুয়ারি সপরিবারে ঢাকায় ফিরে আসেন তিনি।
জবানবন্দিতে আনিসুজ্জামান বলেন, ১৯৭২ সালের ৯ জানুয়ারি দুই শহীদ শিক্ষক মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরীর পরিবারের সঙ্গে তাঁদের বাড়িতে গিয়ে সাক্ষাত্ করেন তিনি। ওই সময় মোফাজ্জল হায়দারের স্ত্রী সৈয়দা মনোয়ারা চৌধুরী তাঁকে বলেন, ‘আপনার ছাত্ররাই আপনার স্যারকে নিয়ে গেছে।’
আনিসুজ্জামান জানান, তিনি মোফাজ্জল হায়দার চৌধুরীর ছোট ভাই অধ্যাপক লুত্ফুল হায়দার চৌধুরীর কাছে জানতে পারেন, একাত্তরের ১৪ ডিসেম্বর তাঁর বাসা থেকে মোফাজ্জল হায়দার চৌধুরীকে কয়েকজন যুবক ধরে নিয়ে যান। ওই যুবকদের মুখে রুমাল বাঁধা ছিল। একপর্যায়ে যুবকদের একজনের মুখের রুমাল খুলে গেলে মোফাজ্জল হায়দার তাঁকে বলেন, ‘মুঈনুদ্দীন, তুমি?’ তখন মুঈনুদ্দীন মুখে রুমাল বাঁধতে বাঁধতে বলেন, ‘জি, আপনি আমার সঙ্গে যাবেন। কোনো ভয় নেই।’
আনিসুজ্জামান বলেন, এই মুঈনুদ্দীন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ছাত্র ও ‘দৈনিক পূর্বদেশ’ পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে ১৯৬৯ সালে তাঁকে (মুঈনুদ্দীন) কিছুদিনের জন্য ছাত্র হিসেবে পেয়েছিলেন বলে জানান আনিসুজ্জামান।
জবানবন্দিতে আনিসুজ্জামান জানান, পরে মোফাজ্জল হায়দার চৌধুরী আর ফিরে আসেননি। তাঁর লাশও খুঁজে পাওয়া যায়নি।
আনিসুজ্জামান বলেন, ১৯৭২ সালের জানুয়ারি মাসে এবং পরে ‘দৈনিক পূর্বদেশ’, ‘দৈনিক বাংলা’, ‘দৈনিক ইত্তেফাক’ প্রভৃতি পত্রিকায় চৌধুরী মুঈনুদ্দীনের ছবিসহ যেসব সংবাদ প্রকাশিত হয়, তা থেকে জানা যায়, তিনি আলবদর বাহিনীর অপারেশন ইনচার্জ ছিলেন। সেই সময় পাওয়া একটি ডায়েরি, যেটি আশরাফুজ্জামানের বাসা থেকে উদ্ধার করা হয়েছিল বলে পত্রিকা মারফত জেনেছেন, যা ‘জল্লাদের ডায়েরি’ শিরোনামে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ওই ডায়েরিতে অনেক বুদ্ধিজীবীর নাম পাওয়া যায়, যাঁদের মধ্যে অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীসহ বেশ কয়েকজনের নাম ছিল। তাঁরা ১৯৭১ সালের ডিসেম্বর মাসে অপহূত ও শহীদ হন।
জবানবন্দি শেষে আনিসুজ্জামানকে জেরা করেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই।