মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাণ প্রতিযোগিতা শুরু
শুরু হয়েছে গ্রামীণফোন ও মাইক্রোসফট বাংলাদেশের মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাণ প্রতিযোগিতা ‘আলো আসবেই।প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার হিসেবে থাকছে পাঁচ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার দুই লাখ ও তৃতীয় পুরস্কার এক লাখ টাকা। বাণিজ্যিক সম্ভাবনার ভিত্তিতে বিজয়ীরা তাদের সফটওয়্যার বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ পাবে। এ ছাড়া নির্বাচিত সফটওয়্যারের অধিকতর উন্নয়নের জন্য গ্রামীণফোন আরও পাঁচ লাখ টাকা দেবে। গত বুধবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে যৌথভাবে প্রতিযোগিতাটি চালু করে গ্রামীণফোন লিমিটেড ও মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেদাল বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে একদল প্রতিভাবান ডেভেলপার খুঁজে পাওয়া যাবে, যারা বাংলাদেশের আইসিটি-শিল্পে স্থানীয় কনটেন্ট ও অ্যাপ্লিকেশনের অভাব হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। মাইক্রোসফটের আবাসিক ব্যবস্থাপক ফিরোজ মাহমুদ বলেন, প্রতিযোগিতাটি মোবাইল সফটওয়্যার নির্মাণে উৎসাহী যেকোনো ব্যক্তির জন্য উন্মুক্ত।