মোবাইল চুরির অভিযোগে কিশোরকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোবাইল চুরির অভিযোগে জনতা গত বৃহস্পতিবার রাতে হূদয় (১৬) নামে এক কিশোরকে গণপিটুনি দেয়। পরে স্থানীয়রা তাকে বাসায় পৌঁছে দেয়। সেখান থেকে গতকাল শুক্রবার দুপুরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হূদয়ের পরিবারের দাবি, স্থানীয় কয়েকজন যুবক তাকে পিটিয়ে হত্যা করেছে।খিলক্ষেত থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে একটি নির্মাণাধীন ভবনে মোবাইল চুরি করার অভিযোগে স্থানীয়রা হূদয়কে ধরে ফেলে। এরপর স্থানীয়রা তাঁকে গণপিটুনি দিয়ে খিলক্ষেতের ২৪/৩ চামড়ারটেকে তার বাসায় ফেলে যায়। শুক্রবার দুপুরে হূদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি বসুন্ধরা আবাসিক এলাকায় হওয়ায় বাড্ডা থানায় মামলা হবে।হূদয়ের মা হ্যাপি বেগম অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন যুবক তার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। এক মাস আগেও মোবাইল ফোন চুরির অভিযোগে এই যুবকেরা তাকে আটকে রাখে। বাড্ডা থানা পুলিশ জানায়, তারা ঘটনাটি খতিয়ে দেখছে। সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।তিন লাশ উদ্ধার: গতকাল রাজধানীর আদাবর, খিলগাঁও ও তেজগাঁও থানা এলাকা থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে রাজধানীর জাপান গার্ডেন সিটি থেকে প্রকৌশলী সুজাউল আলম ওরফে লিটুর (৪০) লাশ উদ্ধার করা হয়। আদাবর থানা পুলিশ জানায়, জাপান গার্ডেন সিটির ৯ নম্বর ভবনের তৃতীয় তলায় একটি কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুজাউলের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তিনি জাপান গার্ডেন সিটির প্রকৌশলী পদে চাকরি করতেন। ওই কক্ষটিতে তিনি একাই থাকতেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দুপুরে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (২৮) লাশ উদ্ধার করা হয়। তাঁর বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সন্ধ্যার পর লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ জানায়, শুক্রবার ভোরে তেজগাঁও নাবিস্কো এলাকায় সড়কে দুমড়ে-মুচড়ে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে তানজুম আমান (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির চাচাতো ভাই ওবায়দুল আরিফ বাদী হয়ে তানজুমের বন্ধু ডায়মন্ডসহ অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে ব্যক্তিগত দ্রুতগামী গাড়ি নাবিস্কো এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়ির যাত্রী তানজুম ঘটনাস্থলেই মারা যান। তানজুমকে ফেলে পালিয়ে যায় তার সঙ্গে থাকা বন্ধুরা। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।