মোবাইল চুরির সন্দেহে ইটভাটার শ্রমিককে পিটিয়ে হত্যা
মোবাইল ফোন চুরির সন্দেহে আবদুল মান্নান (৩২) নামের ইটভাটার এক শ্রমিককে গত বৃহস্পতিবার রাতে অপর এক ইটভাটার শ্রমিকেরা পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকায়। নিহত শ্রমিক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের জানে আলমের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কেবিএম ব্রিকফিল্ড থেকে একটি মোবাইল ফোন চুরি যায়। চুরির ঘটনায় পার্শ্ববর্তী সিবিএম ব্রিকফিল্ডের শ্রমিক আবদুল মান্নানকে দায়ী করা হয়। ওই দিন সন্ধ্যার দিকে মান্নান ব্রিকফিল্ড থেকে বের হলে তাঁকে কেবিএমের শ্রমিকেরা একা পেয়ে পিটুনি দেন। এ সময় মান্নান মারা গেলে শ্রমিকেরা তাঁকে ইটভাটার সামনের রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান। এলাকার লোকজন গতকাল সকালে মান্নানের লাশ কেবিএম ব্রিকফিল্ডের সামনে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ ব্যাপারে নিহত শ্রমিকের ভাই আবদুল মজিদ বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোহামঞ্চদ খালেদ হোসেন হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান।