মোবাইল ফোন ব্যবহারে বাংলাদেশ বিশ্বের ১০ম স্থানে
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মোবাইল ফোন ব্যবহারে বাংলাদেশ বিশ্বের ১০ম স্থানে উঠে এসেছে। আজ শুক্রবার বিকেলে ঝালকাঠি শিশু পার্কে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। খবর বাসসের।
শিল্পমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। গত জাতীয় সংসদ নির্বাচন ও পরবর্তী সময় বিএনপিসহ ২০ দলীয় জোটের হরতাল নৈরাজ্য বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার ক্ষেত্রে কিছুটা বাধার সৃষ্টি করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে আমরা সেই বাধা অতিক্রম করতে পেরেছি।’
আমির হোসেন আমু বলেন, ‘বিশ্বে মন্দা অর্থনীতির মাঝেও আমরা ধারাবাহিকভাবে ৬ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে ইতিমধ্যেই আমরা অনেক দূর এগিয়েছি। দেশে তথ্য প্রযুক্তির ব্যবহারও বাড়ছে।’
শিল্পমন্ত্রী ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে আটটি বিভাগে ১৪ জনকে পুরস্কৃত করেন।
জেলা প্রশাসক রবীন্দ্র শ্রী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল প্রমুখ।