মোবাইল ফোনে চাঁদা দাবির অভিযোগে দুই ব্যক্তি আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের এক নেতার কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দুই সহোদরকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগর থানার বিপ্লব হোসেন (৩৩) ও বিল্লাল হোসেন (৩৫)। গত সোমবার রাতে ঢাকার দক্ষিণখান থানা এলাকা থেকে তাঁদের আটক করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়ার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নোয়াব মিয়ার মোবাইল ফোনে গত বুধবার রাতে ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে অজ্ঞাত এক ব্যক্তি। পরদিন বৃহস্পতিবার একই নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়, চাঁদার টাকা না দিলে তাঁকে হত্যা করা হবে।এই বিষয়ে নোয়াব মিয়া গত শনিবার আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই সঙ্গে র্যাব প্রধান কার্যালয়কেও বিষয়টি জানান। র্যাব সদস্যরা মোবাইল ফোনের সূত্র ধরে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে সোমবার রাতে বিপ্লব হোসেন ও বিল্লাল হোসেনকে আটক করেন। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শশাংক নারায়ণ পাল জানান, গতকাল দুপুরে আটক দুজনকে থানায় পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। এ বিষয়ে আখাউড়া থানায় মামলা হবে।