মোবাইল ফোনে শোনা যাবে প্রথম আলো পত্রিকার খবর

শুধু পড়াই নয়, মোবাইল ফোন থেকে এখন শোনা যাচ্ছে প্রথম আলো পত্রিকার খবর। গত ১৬ ডিসেম্বর প্রথম আলো প্রাথমিকভাবে মোবাইল ফোন অপারেটর রবি ও বাংলালিংক গ্রাহকদের জন্য এই সেবাটি উন্মুক্ত করেছে। পর্যায়ক্রমে অন্যান্য মোবাইল অপারেটরদের মাধ্যমে এই সেবা চালু করা হবে বলে জানা গেছে।
এখন রবি এবং বাংলালিংক গ্রাহকেরা তাদের মোবাইল ফোন থেকে ২২২২১ নম্বরে ডায়াল করলেই শুনতে পাবেন প্রথম আলোর সংবাদ ও জীবনযাপন–বিষয়ক নানা তথ্য। অটো রিনিউয়্যাল ফিচার সমৃদ্ধ এ সেবাটি ২৪ ঘণ্টা শোনা যাবে ২ টাকা চার্জ দিয়ে। এই সেবাটিতে শোনা যাবে প্রথম আলো পত্রিকার প্রথম পাতা, শেষ পাতা, খেলা, বিনোদন, আন্তর্জাতিক, দেশ এবং বিশেষ খবর। সংবাদ ছাড়াও এই সেবাটিতে আছে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ, রূপচর্চা টিপস, রেসিপি, অফিস টিপস, তারকাদের সঙ্গে আড্ডা এবং এবিসি রেডিওর জনপ্রিয় অনুষ্ঠান কুয়াশা। এই সেবাটিতে প্রথম আলোর সঙ্গে টেকনিক্যাল পার্টনার হিসেবে কাজ করছে প্রযুক্তি প্রতিষ্ঠান এসএসডিটেক।

এই মুঠোফোন সেবা উদ্বোধন উপলক্ষে গতকাল মঙ্গলবার কারওয়ান বাজারের সিএ ভবনে প্রথম আলো কার্যালয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (নিউ বিজনেস এবং এম-মানি প্রডাক্টস) আহমেদ আরমান সিদ্দিকী, মহা–ব্যবস্থাপক (মিডিয়া এবং কমিউনিকেশন) আশিকুর রহমান হাবিব, মহা–ব্যবস্থাপক (ভয়েজ এবং ভ্যালু অ্যাডেড সার্ভিস) রিজওয়ানা রশিদ। এসএসডিটেকের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব সার্ভিস অপারেশনস সৈয়দ কামরুল আরেফিন জিহাদ, ব্যবস্থাপক (ডিজিটাল সার্ভিসেস) আহমেদ ইবনে আরিফ, সিনিয়র স্পেশালিস্ট (টেলকো সার্ভিসেস) রিফাত হাসান, স্পেশালিস্ট (ডিজিটাল সার্ভিসেস) জয়দেব দাস। অন্যদিকে প্রথম আলোর পক্ষে ছিলেন সম্পাদক মতিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ সাংবাদিক ও কর্মকর্তারা।