মোবাইল ব্যাংকিং প্রতারণা করে হাতাতেন অর্থ, অবশেষে আটক ৩
মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের সদস্য সন্দেহে তিনজনকে আটক করেছে র্যাব। গত মঙ্গলবার বিকেল থেকে বুধবার পর্যন্ত ফরিদপুরের ভাঙা উপজেলা ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের তাদের আটক করা হয়। র্যাব বলছে, এই চক্রের সদস্যরা দুই শতাধিক মানুষকে প্রতারিত করে এক কোটির বেশি টাকা আত্মসাৎ করেছেন।
আটক ব্যক্তিরা হলেন, সুমন শিকদার, নুরুজ্জামান মাতুব্বর ও সজিব মাতুব্বর। তাঁদের কাছ থেকে ১৩টি মুঠোফোন ও ২৪টি সিমকার্ড জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের এসব কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বলেন, চক্রের সদস্যরা সাধারণত তিনটি ধাপে প্রতারণা করেন। এর মধ্যে একটি দল মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের অসাধু কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে বিক্রয় প্রতিনিধিদের (এসআর) মুঠোফোনের নম্বর সংগ্রহ করে। এরপর এসআরদের ফোন দিয়ে মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখিয়ে দলে ভেড়ানোর চেষ্টা চালায়। এতে কিছু অসাধু এসআর প্রতারক চক্রের সঙ্গে যুক্ত হন।
এই কর্মকর্তা আরও জানান, সুযোগ বুঝে অসাধু ওই এসআররা চক্রের সদস্যদের মোবাইল ব্যাংকিং এজেন্টের নাম, ঠিকানা ও মোবাইল ফোন নম্বর দিয়ে বলতেন, ‘এখন কাজ হবে, ফোন দেন’। দোকানে মূল এজেন্টের বদলে তাঁর অন্য কোনো প্রতিনিধি উপস্থিত থাকলে, তাঁকেই লক্ষ্য করে এই বার্তা দেওয়া হয়। এরপরই শুরু হয় টাকা হাতিয়ে নেওয়ার প্রক্রিয়া।
র্যাব কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, দ্বিতীয় দলের সদস্যরা এসআরদের নম্বর ক্লোনিং করে এজেন্টের নম্বরে কল দিয়ে উন্নত সেবার জন্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হালনাগাদের কথা বলতেন। দলের অপর সদস্যরা কল সেন্টারের নম্বর ক্লোনিং করে এজেন্টকে ফোন দিয়ে উন্নত সেবা পেতে সেবা পরিবর্তনের অফার দিতেন। তাঁরা মুঠোফোনের কিবোর্ড বা বাটনে বিভিন্ন অক্ষর বা সংখ্যা চাপতে বলতেন। ধাপে ধাপে বিভিন্ন তথ্য দিতে বলা হতো। এভাবে গোপন নম্বর নিয়ে এজেন্টের অ্যাকাউন্ট নিজেদের দখলে নিতেন। পরে অ্যাকাউন্টের অর্থ সহযোগীদের কাছে স্থানান্তর করতেন।
তৃতীয় দলটি অসাধু সিম বিক্রেতাদের এক হাজার টাকা দিয়ে অন্যের নাম-ঠিকানায় নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে ভুয়া মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতেন। ওই সব অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করে পরে তাঁদের ঘনিষ্ঠ এজেন্টের কাছ থেকে নানা উপায়ে টাকা তুলে নিতেন।