ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গ্রাহকসেবা সহজতর করতে মোবাইল ব্যাংকিং সেবা ‘ইসলামী ব্যাংক এমক্যাশ’ চালু করতে যাচ্ছে। এ লক্ষ্যে রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে গত ২৬ আগস্ট একটি চুক্তি সই করেছে ইসলামী ব্যাংক।রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান, রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল কুয়েনার, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহা. শামসুল হক, মো. হাবিবুর রহমান, মো. নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবুল বাশার, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ সালেহ, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এ কে এম আবদুল মালেক চৌধুরী ও মো. মাহবুব-উল-আলম এবং রবি আজিয়াটা লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা প্রদীপ শ্রীভাসতভ ও প্রধান আর্থিক কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।এমক্যাশ গ্রাহকেরা যেকোনো সময় যেকোনো স্থান থেকে ব্যাংকিং সুবিধা নিতে পারবেন। এর মাধ্যমে অর্থ জমা, নগদ উত্তোলন, অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর, বিদেশ থেকে অল্প সময়ে মোবাইল অ্যাকাউন্টে অর্থ পাঠানো যায়। এ ছাড়া মোবাইল টপ-আপ, পণ্য ক্রয়-বিক্রয় ও বেতন-ভাতা গ্রহণ ও পাঠানোর ব্যবস্থা রয়েছে। যেকোনো মোবাইল ফোনে এই সুবিধা পাওয়া যাবে। মাত্র ২০ টাকা প্রাথমিক জমা দিয়ে বিনা খরচে এই অ্যাকাউন্ট খোলা যাবে। শুধু নগদ লেনদেন ছাড়া অন্য সব প্রক্রিয়া গ্রাহক নিজেই সম্পাদন করতে পারবেন। বিজ্ঞপ্তি।