কর বাড়লে সেবার দাম বাড়তে পারে: অ্যামটব
মোবাইল ফোন খাতে করারোপ অব্যাহত থাকলে বর্তমান মূল্যে সেবা দেওয়া কঠিন হয়ে পড়বে। মোবাইল অপারেটরদের পক্ষে সেবার দাম বাড়ানো ছাড়া উপায় থাকবে না।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) এ কথা জানিয়েছে।
সংগঠনটির মহাসচিব আই এম নুরুল কবীর এ খাতের অগ্রগতি অব্যাহত রাখতে বাজেটে প্রস্তাবিত ৩০০ টাকার সিম ট্যাক্স ও সিম রিপ্লেসমেন্টের জন্য ১০০ টাকা কর তুলে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে উচ্চ হারে করপোরেট করারোপের বিষয়টিও পুনর্বিবেচনার দাবি জানিয়েছে অ্যামটব।
সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের পরিচালক ইশতিয়াক হাসান চৌধুরী, রবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ, এয়ারটেলের চিফ অব করপোরেট অ্যাফেয়ার্স আশরাফ এইচ চৌধুরী, বাংলালিংকের ভারপ্রাপ্ত চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) শামসুদ্দিন আহমেদ ও সিটিসেলের পক্ষ থেকে নিশাদ আলী খান বক্তব্য দেন।
অ্যামটব মহাসচিব নুরুল কবীর বলেন, মোবাইল অপারেটরগুলোর ওপর উচ্চহারে চাপিয়ে দেওয়া করের কারণে গ্রাহক সেবা ও তৃণমূল গ্রাহকদের ওপর এর প্রভাব পড়ছে। বিশ্বের দ্রুত বর্ধনশীল টেলিযোগাযোগ বাজারগুলোর একটি হওয়ার পরও, করনীতির অভাবে বাংলাদেশে খুবই সমস্যা হচ্ছে বলে জানান তিনি।
মাহতাব উদ্দিন আহমেদ বলেন, প্রস্তাবিত করের কারণে সিম বিক্রি কমে যাবে। এতে সরকারের রাজস্ব আয়ও কমে যাবে। এতে সরকারের পাশাপাশি মোবাইল অপারেটর ও গ্রাহকেরা দুর্ভোগে পড়বেন। তিনি জানান, প্রতিবছর ২০ থেকে ২৫ শতাংশ সিম রিপ্লেসমেন্ট হয়।
আশরাফ এইচ চৌধুরী বলেন, থ্রি-জির জন্য অপারেটররা চার হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে। কিন্তু বাজেটে যে ধরনের প্রস্তাব রাখা হয়েছে, তাতে থ্রি-জি নেটওয়ার্কের বিস্তার বাধাগ্রস্ত হবে।
ইশতিয়াক হাসান চৌধুরী বলেন, আমদানি করা মোবাইল সেটের ওপর ট্যাক্স না কমালে থ্রি-জি নেটওয়ার্ক বিস্তার বাধাগ্রস্ত হবে।
বাংলাদেশে সবচেয়ে কম দামে টেলিযোগাযোগ সেবা দেওয়া হয় উল্লেখ করে কয়েকজন বক্তা বলেন, উচ্চহারে করারোপ এ খাতের অগ্রগতিকে ব্যাহত করবে। মোবাইল অপারেটররা তাদের ১০০ টাকা আয়ের ৫৫ টাকাই সরকারকে দিয়ে থাকে। এর পরও প্রস্তাবিত বাজেটে আরও বেশি করারোপ করা হয়েছে।