মোবাইলে বানানো চলচ্চিত্র নিয়ে ঢাকায় আন্তর্জাতিক উৎসব

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ আসরের পর্দা উঠবে আগামী বছরের ২৮ ও ২৯ ফেব্রুয়ারি। ২০১৫ সালে এই প্রতিযোগিতার যাত্রা শুরু হয়।
মোবাইল ফোনে ধারণ করা ভিডিও নিয়ে ২০১৫ সালে প্রথমবারের মতো প্রতিযোগিতার আয়োজন করে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষানবিশ কার্যক্রম ‘সিনেমাস্কোপ’। শুরুর দিকে শুধু সিনেমাস্কোপের সদস্যদের বানানো সিনেমা প্রতিযোগিতায় অংশ নিলেও পরবর্তী সময়ে তা ইউল্যাবের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। স্মার্টফোনে ধারণ করা এই চলচ্চিত্র প্রতিযোগিতা ২০১৭ সালে পায় আন্তর্জাতিক রূপ। পৃথিবীর যেকোনো প্রান্তের নির্মাতারা মোবাইল ফোনে ধারণ করা চলচ্চিত্র পাঠাতে পারেন এখন ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে নির্মাণাধীন ভবনের সামনে দাঁড়িয়ে ছক্কা হাতে মোবাইল ফোনে ছবি তুলছেন এক তরুণ। আর তা দেখে ছক্কার রহস্য জানতে থমকে গেলাম। যিনি ছবি তুলছিলেন তাঁর নাম রিয়াজ উদ্দিন। তিনি ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের এবারের আসরের পরিচালক। তাঁর কাছেই জানতে চাইলাম বিস্তারিত। রিয়াজ বললেন, ‘ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের প্রচারণার জন্যই এই ছবি তোলা।’ কিন্তু ছক্কার বিষয়টি কী? রিয়াজ হেসে বললেন, ‘ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ আসর এটি, সে কারণেই ছক্কা নিয়ে ছবি তোলা।’
পাশেই দাঁড়ানো ছিলেন সিনেমাস্কোপের প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল হক। তিনি বলেন, ‘স্ক্রিনিং, কম্পিটিশন এবং ওয়ান মিনিট’—এই তিন ক্যাটাগরিতে চলচ্চিত্র জমা পড়েছে। কম্পিটিশন বিভাগ থেকে সেরা চলচ্চিত্রটি পাবে ‘সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’। এ ছাড়া ওয়ান মিনিট বিভাগের জন্য সেরা চলচ্চিত্রটি পাবে ‘ইউল্যাব ইয়াং ফিল্মমেকার অ্যাওয়ার্ড’। চলচ্চিত্র জমা দেওয়ার সময় ছিল ১ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। ষষ্ঠ আসরের জন্য জমা পড়েছে রেকর্ডসংখ্যক ৪১টি দেশ থেকে মোট ২০২টি চলচ্চিত্র। গত আসরে ৩৪টি দেশ থেকে ছিল ৯৫টি চলচ্চিত্র। এবারই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে সর্বোচ্চ রেকর্ডসংখ্যক ৩৪টি চলচ্চিত্র জমা পড়েছে।

শেষ মুহূর্তে এখন চলছে জমা পড়া চলচ্চিত্রের বিচারকাজ। এবারের উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন মুভিয়ানা ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ বাংলাদেশের সহসভাপতি বেলায়েত হোসেন মামুন। তিনি মুভিয়ানা ও চিত্ররূপ নামে দুটি চলচ্চিত্র-সম্পর্কিত পত্রিকার সম্পাদক। তাঁর প্রথম নির্মিত চলচ্চিত্র ‘অনিবার্য’। এ ছাড়া বিচারক হিসেবে রয়েছেন ৭২তম কান চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করা ফিপরেস্কি (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস) সদস্য সাদিয়া খালিদ রীতি। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে পড়াশোনা করেছেন সাদিয়া খালিদ রীতি। চলচ্চিত্র সমালোচক হিসেবে অনেক লেখা আছে রীতির। ইউল্যাব, পাঠশালা, শিল্পকলা ও বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে (বিসিটিআই) ফিল্ম বিষয়ে পড়ান তিনি। প্রথমবারের মতো এবারের আসরে বিদেশি বিচারক হিসেবে আছেন নেপালের দেভাকি বিসত। সাংবাদিকতাকে যিনি পেশা হিসেবে বেছে নিয়ে একটি সোনালি সময় পার করছেন। ‘ইন সার্চ অব দেভাকি’ তাঁর একটি উল্লেখযোগ্য কাজ। সম্মাননা হিসেবে পেয়েছেন ২০১৮ সালে দিল্লিতে উইমেন ইকোনমিক ফোরাম কর্তৃক ‘ইয়াং ক্রিয়েটিভ লিডার ব্যাটার ফর অল’ এবং উই উইল রাইজ ফাউন্ডেশন থেকে ‘উইমেন ভিডিও মেকার অব দ্য ইয়ার ২০১৯’ অ্যাওয়ার্ড।
নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি ও নতুন যোগাযোগ—এই স্লোগান সঙ্গী করে মোবাইল ফোনের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করার লক্ষ্যে সিনেমাস্কোপের এই আয়োজনের উপদেষ্টা মুহাম্মদ সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘কোনো ধরনের বাজেট ছাড়াই মোবাইল ফোন দিয়ে যে চলচ্চিত্র নির্মাণ করা যায়, এ ধারণা তরুণদের মধ্যে ছড়িয়ে দিতেই প্রতিবছর আয়োজন করা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব।’
ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ আসরের পর্দা উঠবে ২০২০ সালে ২৮ ও ২৯ ফেব্রুয়ারি।
*ফজলে রাব্বী সৌরভ: শিক্ষার্থী, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ, ইউল্যাব