মোবাইলের থ্রিজি নিলাম ২৪ জুন
মোবাইল ফোনের তৃতীয় প্রজন্মের প্রযুক্তি (থ্রিজি) লাইসেন্সের নিলাম হবে আগামী ২৪ জুন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কাল শনিবার দেশের জাতীয় দৈনিকগুলোতে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস গতকাল প্রথম আলোকে বলেন, থ্রিজি নীতিমালা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। নিলামে আগ্রহীরা নীতিমালা সংগ্রহ করে তা বিশ্লেষণ করতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাবেন। আগ্রহীদের সঙ্গে ১৪ মার্চ এক প্রাক-নিলাম বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান চেয়ারম্যান।আগ্রহীদের আগামী ১২ মে আবেদন জমা দিতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ২০ মে নিলামে অংশ নেওয়ার যোগ্য অপারেটরদের নাম ঘোষণা করা হবে। যোগ্য প্রতিষ্ঠানগুলোকে ৩০ মের মধ্যে ‘বিড আর্নেস্ট মানি’ হিসেবে দুই কোটি ডলার বিটিআরসির কাছে জমা দিতে হবে। চূড়ান্ত নিলামের জন্য যোগ্য প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে আগামী ৫ জুন। আর লাইসেন্সের নিলাম হবে ২৪ জুন।