মোবাইলের মাধ্যমে প্রবাসী-আয় পৌঁছে দেওয়ার সেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী-আয় বা রেমিট্যান্স দ্রুত ও সহজে এক দিনের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশে মোবাইল রেমিট্যান্স-সেবা চালু হয়েছে। এর আওতায় মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের দেশজুড়ে দুই হাজার ২২২টি সেবা প্রদানকারী কেন্দ্র সংশ্লিষ্ট ব্যাংকের পক্ষে টাকা প্রদান করবে। এ সেবা এখন কেবল ঢাকাতে পাওয়া যাবে। পর্যায়ক্রমে এক মাসের মধ্যে দেশজুড়ে এই সেবা সুবিধা পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। দক্ষিণ এশিয়ায় দেশগুলোর মধ্যে বাংলাদেশেই প্রথম এ সেবা চালু করা হলো।গতকাল মঙ্গলবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যচিত্র উপস্থাপন করেন ঢাকা ব্যাংকের ফয়সল ওমর এবং ইস্টার্ণ ব্যাংকের আখতারুজ্জামান। বাংলালিংক, ঢাকা ব্যাংক এবং ইস্টার্ণ ব্যাংক (ইবিএল) সম্মিলিতভাবে এ সংবাদ সম্মেলনে আয়োজন করে। আতিউর রহমান বলেন, প্রবাসী-আয় স্থানান্তরের ক্ষেত্রে বাংলাদেশে একটি ঐতিহাসিক মাইলফলক সৃষ্টি হলো। এ সেবায় ব্যাংকগুলোই হবে প্রাথমিক অংশীদার। তারাই দেশের প্রচলিত আর্থিক বিধিবিধান মেনে ব্যবসায়িক প্রক্রিয়া সম্পন্ন করবে। তথ্যচিত্রে জানানো হয়, প্রবাসী-আয় গ্রহীতা বাংলালিংকের গ্রাহক হলে নিকটস্থ বাংলালিংক মোবাইল রেমিট্যান্স পয়েন্টে পরিচয়পত্র জমা দিয়ে ডিবিএল ও ইবিএল ব্যাংকে মোবাইল ওয়ালেট হিসাব খুলতে পারবেন। ওই হিসাবে সরাসরি রেমিট্যান্সের অর্থ জমা হবে। গ্রাহকেরা রেমিট্যান্স পয়েন্ট থেকে আংশিক বা পুরো টাকা তুলতে পারবেন। বাংলালিংকের গ্রাহক না হলেও একটি নিরাপদ ও নির্দিষ্ট ট্র্যানজেকশন রেফারেন্স নম্বর অনুযায়ী রেমিট্যান্সের টাকা তোলা যাবে। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবু দোমা বলেন, দেশজুড়ে বাংলালিংকের শক্তিশালী নেটওয়ার্ক থাকায় এ সেবা গ্রামীণ জনপদে খুবই সহজলভ্য হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক চৌধুরী মোহিদুল হক, রেমিট্যান্সেস অ্যান্ড পেমেন্ট চ্যালেঞ্জ ফান্ডের ম্যানেজার রবার্ট স্মিথ, ডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশীদ, ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।