ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী ননী গোপাল মল্লিক। জবানবন্দিতে তিনি বলেছেন, মুক্তিযুদ্ধকালে মোবারকসহ অন্য রাজাকার ও পাকিস্তানি সেনারা ব্রাহ্মণবাড়িয়ার আনন্দময়ী কালীবাড়ি দখল করে মন্দিরের প্রতিমা ভাঙচুর করেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ননী গোপালের (৬২) জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। মোবারক এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।জবানবন্দিতে ননী গোপাল বলেন, তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার মহাদেবপট্টিতে। মুক্তিযুদ্ধকালে তাঁর দায়িত্ব ছিল পাকিস্তানি সেনাদের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা। তিনি জানতে পারেন, ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার মোবারক হোসেন সঙ্গী রাজাকার ও পাকিস্তানি সেনাদের নিয়ে আনন্দময়ী কালীবাড়ি দখল করেন এবং মন্দিরের শ্বেতপাথরের প্রতিমাসহ সব প্রতিমা ভাঙচুর করেন। কুড়ুলিয়া খালের পাড়ে আশুরঞ্জন দেবকে হত্যার আগে মোবারক তাঁকে পানির বদলে প্রস্রাব পানে বাধ্য করেন।জবানবন্দি শেষে ননী গোপালকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৬ আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।