মোবারকের কোমর থেকে পায়ের পাতা জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবারক আলীর কোমর থেকে নিচের দিকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। দুই হাতের একাধিক জায়গায় ভেঙে দেওয়া হয়েছে।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন মোবারকের অভিযোগ, দরপত্র নিয়ে দ্বন্দ্বের কারণে নাটোরের লালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে ২৯ মার্চ দুপুরে তাঁর ওপর হামলা চালানো হয়। শনিবার বিকেলে হাসপাতালে গিয়ে দেখা যায়, মোবারক আলীর (৩৫) কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত প্লাস্টার, উভয় হাতে ব্যান্ডেজ। দুই হাতের চার জায়গায় ভেঙে দেওয়া হয়েছে। বাঁ হাত এমনভাবে ভেঙে দেওয়া হয়েছে যে তা বিছানায় রাখতে পারছেন না। স্ত্রী রিক্তা খাতুন সারাক্ষণ উঁচু করে হাতটি ধরে রেখেছেন। মোবারক আলী অভিযোগ করেন, তিনি সম্প্রতি ৯৬ লাখ টাকার কাজ পেয়েছেন। সাইফুল ইসলাম, দলীয় ক্যাডার মঞ্জুর (৩২) ও জাহারুল (৩৫) তাঁঁর কাছে এই কাজ কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি এতে রাজি হননি। এতে তাঁরা ভীষণ ক্ষুব্ধ হন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। উপজেলার গোপালপুরের বিহারিপাড়া রেলগেটের কাছে সাইফুল, মঞ্জুর ও জাহারুলের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁকে ঘেরাও করে লোহার রড নিয়ে তাঁর ওপর হামলা চালান। তাঁরা তাঁকে মারধর করে তাঁর মোটরসাইকেল ও দুটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে যান। এ ব্যাপারে সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন, ব্যক্তিগত ব্যাপারে মোবারকের এলাকার লোকজনই তাঁকে মেরেছে। দরপত্র নিয়ে দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, তাঁর জানামতে মোবারকের কোনো ঠিকাদারি লাইসেন্স নেই। তাঁর বিরুদ্ধে মোবারকের মামলা করার প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, পুলিশ তাঁর সম্পর্কে জানে। তাঁর বিরুদ্ধে তারা মামলা নেবে না। পরে বক্তব্য শুধরে তিনি বলেন, ‘মামলা কেউ করলে নিতে পারে, কিন্তু আইনে সে মামলা টিকবে না।’