ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী মো. আবদুল খাদেম খান। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে মোবারকের নেতৃত্বে রাজাকাররা তাঁকে আটক করে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে নিয়ে যায়।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ খাদেমের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। মোবারক এ সময় কাঠগড়ায় হাজির ছিলেন।
জবানবন্দিতে আবদুল খাদেম (৬৪) বলেন, তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার খড়মপুর গ্রামে। একাত্তরে মুক্তিযুদ্ধ শুরুর পর পাকিস্তানি সেনারা ব্রাহ্মণবাড়িয়ায় গেলে তাঁর দোকান ‘খাদেম রেডিও হাউজ’ লুট হয়। তিনি মে মাসের মাঝামাঝি ভারতে গিয়ে কুলকুলিয়া মুক্তিযোদ্ধা ক্যাম্পে যুদ্ধের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে দেশে ফিরে তিনি ব্রাহ্মণবাড়িয়ার মজলিশপুর এলাকায় পাকিস্তানি সেনাদের তথ্য সংগ্রহ এবং মুক্তিযোদ্ধাদের রাস্তাঘাট চেনানোর কাজ করেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ২৪-২৫ নভেম্বর তিনি খবর পান, তাঁর শিক্ষক অধ্যক্ষ ইসমাইল হোসেন গুরুতর অসুস্থ। তিনি শহরের স্টেশন রোডের ‘রেডিও অ্যান্ড টেলিভিশন ইলেকট্রনিক ইনস্টিটিউটে’ অধ্যক্ষকে দেখতে যান। তাঁকে দেখে ফেরার পথে ইনস্টিটিউটের বাইরে রাস্তায় এলে মোবারক হোসেনের নেতৃত্বে পাঁচ-ছয়জন সশস্ত্র রাজাকার তাঁকে আটক করে ব্রাহ্মণবাড়িয়া কলেজে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে নিয়ে যায়। তাঁকে দেখিয়ে মোবারক পাকিস্তানি সেনাদের বলে, এ খুব খারাপ লোক, মুক্তিযোদ্ধা, মাইন লাগিয়ে অনেক ব্রিজ ধ্বংস করেছে। মোবারক সুহিলপুর রাজাকার ক্যাম্পের কমান্ডার ছিলেন।
খাদেম খান বলেন, পাকিস্তানি সেনারা তাঁকে ক্যাম্পের নির্যাতন কক্ষে নিয়ে উল্টো করে ঝুলিয়ে চাবুকপেটা করে। এ সময় পাশে রাজাকাররা দাঁড়িয়ে ছিল। জ্ঞান ফিরলে তিনি বুঝতে পারেন, তাঁকে ব্রাহ্মণবাড়িয়ার পুরাতন কারাগারে নেওয়া হয়েছে। চার-পাঁচ দিন পর তাঁর এলাকার মানিক মিয়া ও সিরাজ মিয়াকে ধরে কারাগারে আনা হয়। মোবারকের নেতৃত্বে রাজাকাররা তাঁদের ধরে আনে। বিজয়ের দুই সপ্তাহ আগে সিরাজ মিয়াকে পাকিস্তানি সেনাদের ট্রাকে করে কুড়ুলিয়া খালের পাড়ে নিয়ে হত্যা করা হয়।
জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় বসা মোবারককে শনাক্ত করেন এই সাক্ষী। তাঁকে আসামিপক্ষের জেরার জন্য আগামীকাল মঙ্গলবার (১১ জুন) দিন ধার্য করা হয়।
তদন্ত কর্মকর্তাকে জেরা চলছে: একই ট্রাইব্যুনালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তকারী কর্মকর্তা নুরুল ইসলামকে গতকাল পঞ্চম দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। আজ সোমবার তদন্তকারী কর্মকর্তাকে আবার জেরা করবে আসামিপক্ষ।