মোবারকের ফাঁসির রায়ে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ
মানবতাবিরোধী অপরাধের মামলায় আখাউড়ার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানের মানুষ উল্লাস প্রকাশ করেছেন। সেই সঙ্গে উপজেলার টানমান্দাইল গ্রামের শহীদ পরিবারগুলোতেও ছিল আনন্দ।
গতকাল সোমবার রায় ঘোষণার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানার নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। এতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও যোগদান করেন। মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।
মামলার রাষ্ট্রপক্ষের ১ নম্বর সাক্ষী ও আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা আবদুল হামিদ এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। বিষয়টি তিনি আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছেন।
দুপুরে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে উপজেলা ছাত্রলীগ একটি আনন্দ মিছিল বের করে।
এদিকে রায় ঘোষণার পর উপজেলার মোগড়া বাজারে আনন্দ মিছিল করেন স্থানীয় লোকজন। মিছিলে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ অংশ নেন। মিছিল শেষে তাঁরা একে অন্যকে মিষ্টি খাওয়ান। আখাউড়ার টানমান্দাইল গ্রামের ২৫ শহীদ পরিবার এ রায়ে সন্তোষ প্রকাশ করে।
১৯৭১ সালে ২২ আগস্ট মোবারক ও অন্য রাজাকারেরা আখাউড়া উপজেলার টানমান্দাইল গ্রামের ২৬ জন ও জাঙ্গাল গ্রামের সাতজনকে বাছাই করে তেরঝুড়ি হাজতখানায় নিয়ে যায়। ২৩ আগস্ট পাকিস্তানি সেনা ও রাজাকারেরা ওই ৩৩ জনকে গঙ্গাসাগর দীঘির পশ্চিম পাড়ে গুলি করে হত্যা করে।
গ্রামের বাসিন্দা ও আখাউড়ার মোগড়া উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হারুন অর রশিদ বলেন, ‘বাবা, চাচাসহ অন্য স্বজনদের আর ফিরে পাব না। তবে অপরাধীর সর্বোচ্চ শাস্তি হওয়ায় আমরা খুশি।’ তিনি এ রায় দ্রুত কার্যকরের দাবি জানান।
মামলার অন্যতম সাক্ষী একই ইউনিয়নের নয়াদিল গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুল হামিদ জানান, তাঁর বাড়ি মোবারকের বাড়ির কাছাকাছি হওয়ায় তাঁর ওপর মোবারকের স্বজনেরা হামলা করতে পারেন বলে আশঙ্কা করছেন।
রায়ে অসন্তোষ প্রকাশ করে মোবারকের বড় ভাই আবদুল হেকিম ওরফে ভুলু মিয়া জানান, তাঁর ভাইকে ফাঁসানো হয়েছে। গ্রামে মাতব্বরি করতেন এ জন্য তাঁর ভাইয়ের অনেক শত্রু ছিল বলে দাবি করেন তিনি।
মামলার কয়েকজন সাক্ষীর আশঙ্কার বিষয়ে আখাউড়া থানার ওসি হাম্মাদ হোসেন জানান, নয়াদিল ও মোগড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।