মোবারকের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, আদেশ ২৩ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য ২৩ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মোবারকের জামিনের বিষয়েও সেদিন আদেশ দেওয়া হবে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এই দিন ধার্য করেন। এ সময় মোবারক আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।গতকাল মোবারকের আইনজীবী আহসানুল হক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থেকে মোবারককে অব্যাহতি ও তাঁর জামিনের আবেদনের শুনানি করেন। শুনানিতে তিনি দাবি করেন, মোবারক সম্পূর্ণ নির্দোষ। তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন। ব্রাহ্মণবাড়িয়ার জনৈক আবদুল হালিমের প্ররোচনায় শহীদ আবদুল খালেকের মেয়ে খোদেজা বেগম মোবারকের বিরুদ্ধে এ মামলা করেন, যাতে প্রতারণা করে অর্থ আদায় করা যায়।আহসানুল হক বলেন, মোবারক যে একাত্তরে রাজাকার ছিলেন, এ-বিষয়ক কোনো নথি রাষ্ট্রপক্ষ দেখাতে পারেনি। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ অনুযায়ী, আনুষ্ঠানিক অভিযোগ ও এর সমর্থনে সাক্ষীদের জবানবন্দি থাকলে অভিযোগ গঠন করা যায়। এখন অভিযোগ গঠন করা না-করা সম্পূর্ণ ট্রাইব্যুনালের বিবেচনা।জামিনের আবেদনের বিষয়ে আসামিপক্ষের আইনজীবী বলেন, জামিন আসামির মূল্যবান অধিকার এবং একবার জামিন দিলে যৌক্তিক ভিত্তি ও জোরালো কারণ না থাকলে তা বাতিল করা যায় না। অভিযোগে উল্লেখ করা অপরাধের গভীরতা কখনো জামিন না দেওয়ার যুক্তি হতে পারে না। নিছক অভিযোগের ভিত্তিতে একজন ব্যক্তিকে কারাগারে বন্দী রাখার যৌক্তিকতা নেই। যেহেতু আসামিকে এই ট্রাইব্যুনাল একবার জামিন দিয়েছেন, এ জন্য তাঁকে আবার জামিন দেওয়া হোক। তিনি কখনো জামিনের অপব্যবহার করেননি।শুনানি শেষে দুটি আবেদনের আদেশের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।