মোবারকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১০ এপ্রিল
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ১০ এপ্রিল পুনর্নির্ধারণ করা হয়েছে। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।মোবারকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির ধার্য দিন ছিল গতকাল। গতকাল কার্যক্রম শুরু হলে তাঁর আইনজীবী আহসানুল হক ট্রাইব্যুনালে শুনানির জন্য সময় বাড়ানোর আবেদন জানান। ট্রাইব্যুনাল ওই আবেদন গ্রহণ করে ১০ এপ্রিল শুনানির দিন পুনর্নির্ধারণ করেন।মোবারকের বিরুদ্ধে গত ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ১২ মার্চ তাঁর বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সাকা চৌধুরীর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৮ এপ্রিল: একই ট্রাইব্যুনাল গতকাল বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২৫তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ৮ এপ্রিল দিন পুনর্নির্ধারণ করেন। গতকাল এ মামলায় রাষ্ট্রপক্ষের ২৫তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।