মোবারকের বিরুদ্ধে অভিযোগ দাখিলে ২৫ ফেব্রুয়ারি দিন নির্ধারণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য পরে উপস্থিত হন) ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এ দিন ধার্য করেন।গতকাল ধার্য দিনে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান ট্রাইব্যুনালকে বলেন, আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুত করতে আরও এক সপ্তাহ সময় লাগবে। পরে ট্রাইব্যুনাল ২৫ ফেব্রুয়ারি অভিযোগ দাখিলের দিন পুনর্নির্ধারণ করেন। ট্রাইব্যুনালে হাজির মোবারকের জামিনের মেয়াদও ওই দিন পর্যন্ত বাড়ানো হয়।মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা গত ২৪ জানুয়ারি মোবারকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে জমা দেয়। তদন্তে তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ৩৩ জনকে গণহত্যা, তিনজনকে হত্যা, নির্যাতন, অপহরণ ও আটকের মোট পাঁচটি অভিযোগ পাওয়া যায়। গত বছরের ১৬ জুলাই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়।