মোবারকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠনের আরজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে একাত্তরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠনের আরজি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। তাঁকে অভিযোগ থেকে অব্যাহতির বিষয়ে আসামিপক্ষ আজ বৃহস্পতিবার শুনানি করবে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল বুধবার অভিযোগ গঠনের শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। মোবারক এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।শুনানিতে সৈয়দ হায়দার আলী বলেন, মোবারক হোসেনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যার একটি ও মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মধ্যে রয়েছে হত্যা, নির্যাতন এবং এ ধরনের অপরাধে সহযোগিতার অভিযোগ। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে আখাউড়ার টানমান্দাইল গ্রামের ১০২ জন নিরীহ ও নিরস্ত্র মানুষকে মোবারক এবং তাঁর রাজাকার সহযোগীরা অস্ত্রের মুখে গঙ্গাসাগরে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে ধরে নিয়ে যায়। সেখানে ৩৩ জনকে বাছাই করে বাকিদের ছেড়ে দেওয়া হয়। পরে ওই ৩৩ জনকে দিয়ে একটি গর্ত খুঁড়িয়ে এবং ওই গর্তের পাশে দাঁড় করিয়ে তাঁদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গণহত্যার অভিযোগ আনা হয়েছে।শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, মোবারক ও তাঁর সহযোগী রাজাকাররা মুক্তিযুদ্ধকালে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার আনন্দময়ী কালীবাড়ী দখল করে। তারা ওই কালীবাড়ীর পুরোহিতসহ আশপাশের হিন্দুদের বাড়িঘর লুট এবং কালীবাড়ীর কষ্টিপাথরের সব মূর্তি ধ্বংস করে। পরে কালীমন্দিরের নামফলক উঠিয়ে নাম দেওয়া হয় ‘রাজাকার মঞ্জিল’। মোবারক ছিলেন ওই ক্যাম্পের কমান্ডার।সৈয়দ হায়দার আলী বলেন, মোবারক ও তাঁর সহযোগীরা মুক্তিযুদ্ধকালে ভৈরব কলেজের ছাত্র আশুরঞ্জন দেবের পায়ে জখম করে রাজাকার ক্যাম্পে আটকে রাখেন। চার দিন পর আশুরঞ্জনের পায়ে পচন ধরলে তাঁকে কুড়ুলিয়া খালের পাড়ে নিয়ে গুলি করে হত্যা করা হয়। মোবারকের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর ইউনিয়নের ছাতিয়ান গ্রামের আবদুল খালেককে আটক করে নির্যাতনের পর হত্যার অভিযোগ রয়েছে। এ ছাড়া খাদেমুল ইসলামকে স্টেশন রোড থেকে অপহরণ করে নির্যাতনের পর কারাগারে পাঠানোর সঙ্গে মোবারক সংশ্লিষ্ট ছিলেন। খড়মপুরের (শ্যামপুর গ্রাম) আবদুল মালেক ও সিরাজুল ইসলামকে অপহরণ করেন মোবারক ও তাঁর সঙ্গীরা। নির্যাতনের পর তাঁদের ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়। তবে রাতে সিরাজুলকে কুড়ুলিয়া খালের পাড়ে নিয়ে গুলি করে হত্যা করা হয়।রাষ্ট্রপক্ষ জানায়, মোবারকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নয়াদিল গ্রামে। তিনি দীর্ঘদিন আখাউড়ার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।