মোবারকের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মো. দারুল ইসলাম জবানবন্দিতে বলেছেন, একাত্তরের ২২ আগস্ট গঙ্গাসাগর দিঘির পাড়ে মোবারকের উপস্থিতিতে ৩৩ জনকে হত্যা করা হয়।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দারুল ইসলামের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। এ সময় আসামির কাঠগড়ায় মোবারক হাজির ছিলেন।জবানবন্দিতে দারুল ইসলাম (৭৩) বলেন, তিনি আখাউড়ার গঙ্গাসাগর গ্রামে থাকেন। ১৯৬৩ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। একাত্তরে তিনি মুক্তিযোদ্ধাদের জন্য গোয়েন্দাগিরি করতেন। মুক্তিযুদ্ধকালে গঙ্গাসাগর দিঘির উত্তর পাড়ে পাকিস্তানি সেনাদের ক্যাম্পের দায়িত্বে ছিলেন মেজর সেকান্দার। বজু মিয়া, আবরু মিয়া, মোবারক আলী, মুক্তা মিয়া ও জমশেদ মিয়া ওই ক্যাম্পে সেনাদের সঙ্গে থাকতেন।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ১৯ আগস্ট মান্দাইল গ্রামের লোকজনের সাহায্যে তিনিসহ অন্তত ১২০ জন মুক্তিযোদ্ধা তিনলাখপীরের সেতু উড়িয়ে দেন। ২২ আগস্ট সকালে জমশেদ, মুক্তা মিয়া ও মোবারক মান্দাইল গ্রামে বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে হাজি নূর বকশের বাড়িতে যেতে বলেন। বেলা তিনটার দিকে নূর বকশের বাড়িতে ১৩০-১৩২ জন লোক জড়ো হন। পাকিস্তানি সেনা ও রাজাকাররা ওই লোকদের অস্ত্রের মুখে গঙ্গাসাগর ক্যাম্পে নিয়ে যায়। কার কার স্বজন মুক্তিযুদ্ধে গেছেন, এর ভিত্তিতে তাঁদের মধ্যে ৩৩ জনকে বাছাই করেন জমশেদ, মুক্তা মিয়া, মোবারক, বজু মিয়া। পরে ওই ৩৩ জনকে দিঘির পশ্চিম পাড়ে নিয়ে গর্ত খুঁড়িয়ে পাকিস্তানি সেনারা তাঁদের গুলি করে হত্যার পর ওই গর্তেই মাটি চাপা দেয়। সে সময় সেখানে মোবারক, জমশেদ, মুক্তা মিয়া উপস্থিত ছিলেন। পরদিন ক্যাম্পে আটক বাকিদের নির্যাতনের পর ছেড়ে দেওয়া হয়। ক্যাম্প থেকে ছাড়া পাওয়া আবুল বাশারের কাছ থেকে এবং গোয়েন্দা সূত্রে তিনি এসব জানতে পারেন।দারুল ইসলাম বলেন, গঙ্গাসাগর ক্যাম্প থেকে মোবারককে রাজাকার কমান্ডার বানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দময়ী কালীমন্দিরে পাঠানো হয়। সেখানে মোবারক ও তাঁর সঙ্গী রাজাকাররা কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর ও লুটপাট করে এবং মন্দিরের নাম পরিবর্তন করে ‘রাজাকার মঞ্জিল’ রাখে। কয়েক দিন পর মোবারক ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর রাজাকার ক্যাম্পের কমান্ডারের দায়িত্ব পালন করেন। সুহিলপুর ক্যাম্পে থাকাকালে ছাতিয়ান গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল খালেককে ধরে মোবারক ও তাঁর সহযোগীরা গুলি করে হত্যা করেন। মুক্তিযুদ্ধের আগে ও পরে মোবারক জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের সদস্য (রুকন) ছিলেন।জবানবন্দি শেষে দারুলকে একটি প্রশ্ন করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।