মোবারকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ গতকাল সোমবার শেষ হয়েছে। আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করা হবে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামল চৌধুরীকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। এ সময় মোবারক আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
এই মামলায় আসামিপক্ষ ১২ জন সাক্ষীর (সাফাই সাক্ষী) একটি তালিকা জমা দিয়েছে। তদন্তকারী কর্মকর্তাকে জেরা শেষে ট্রাইব্যুনাল বলেন, আসামিপক্ষের সাক্ষীদের সংখ্যা কত হবে তা মঙ্গলবার নির্ধারণ করে আদেশ দেওয়া হবে। একই সঙ্গে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হবে।
মোবারকের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পক্ষে তদন্তকারী কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে ১২ জন সাক্ষ্য দিয়েছেন। চলতি বছরের ২০ মে থেকে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়।