নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যার ঘটনায় আরও দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, রোববার গভীর রাতে নরসিংদী শহরের সাটিরপাড়ার বাসা থেকে কাজী আলম (৪৫) ও কবির হোসেন (১৭) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। গতকাল পর্যন্ত তাঁদের আটকের কথা স্বীকার করেনি পুলিশ।কাজী আলম লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত ও পলাতক আসামি মোবারক হোসেনের ছোট বোনের স্বামী। মোবারককে লোকমান হত্যার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হয়।আলমের স্ত্রী কাজী শিউলী গতকাল প্রথম আলোকে বলেন, রাত তিনটার দিকে ডিবি কাজী আলমকে ও কবিরকে আটক করে নিয়ে যায়। এ সময় ডিবি বলেছে, তাঁদের লোকমান হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে নেওয়া হচ্ছে।আলমের বড় ভাই কাজী নিজাম উদ্দিন বলেন, ‘আজ (সোমবার) সকালে এসপি অফিসে গিয়ে কবিরকে দেখেছি, কিন্তু আলমের খোঁজ পাইনি। তার সম্পর্কে কিছুই জানায়নি পুলিশ।’এ ব্যাপারে গতকাল সন্ধ্যায় জানতে চাইলে নরসিংদীর পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের দুটো টিম বাইরে কাজ করছে। এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।’কাজী আলম কাপড়ের পাইকারি ব্যবসা করেন। আর কবির হোসেন একাদশ শ্রেণীর ছাত্র। ছোটবেলা থেকে সে আলমের বাসায় থাকে।লোকমান হত্যা মামলায় এর আগে এজাহারভুক্ত একজনসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।১ নভেম্বর রাতে সন্ত্রাসীরা গুলি করে লোকমানকে হত্যা করে।