মোমবাতি ও মুঠোফোনের আলোয় চিকিৎসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনারেটর বিকল থাকায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় চিকিৎসা দেওয়া হয়। ২৯ জুলাই তোলা ছবি l প্রথম আলো
জেনারেটর বিকল থাকায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় চিকিৎসা দেওয়া হয়। ২৯ জুলাই তোলা ছবি l প্রথম আলো

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর প্রায় দুই বছর ধরে নষ্ট। বিদ্যুৎ চলে গেলে মোমবাতি বা মুঠোফোনের আলোতেই অস্ত্রোপচারসহ অন্যান্য চিকিৎসাসেবা দিতে হয়। কর্তৃপক্ষ বলছে, এখনো তারা নতুন জেনারেটর পাওয়ার কোনো আশ্বাস পাননি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩১ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের জেনারেটর ২০১৪ সালের মে মাস থেকে বিকল। অথচ এই উপজেলাসহ আশপাশের এলাকার লোকজনও এখানে চিকিৎসা নিতে আসেন। এ ছাড়া এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের পাশে হওয়া দুর্ঘটনার রোগীরাও চিকিৎসা নিতে এখানে আসেন।
এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন চিকিৎসক আছেন। চিকিৎসকেরা গত শুক্রবার বলেন, প্রতিদিন এখানে ৩০০ জনের বেশি রোগীকে বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে ভর্তি আছেন ৪০ জন রোগী। এই হাসপাতালে প্রতিদিন প্রায় ২০টি অস্ত্রোপচার হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাবিবুর রহমান বলেন, প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না বললেই চলে। ওই সময়ে অস্ত্রোপচারের রোগী এলে মোমবাতি বা মুঠোফোনের আলোই একমাত্র ভরসা। ঝুঁকি নিয়ে মোমবাতি বা মুঠোফোনের আলোতে অস্ত্রোপচার কার্যক্রম চালাতে হচ্ছে। দিনের বেলাতেও বিদ্যুৎ আসা-যাওয়া করে।
হিসাবরক্ষক মনির হোসেন বলেন, ১৯৯৭ সাল থেকে হাসপাতালের জেনারেটরটিতে সমস্যা দেখা দেয়। এত দিন জোড়াতালি দিয়ে চালানোর পর জেনারেটরটি এখন পুরোপুরি নষ্ট। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি জেনারেটরও দেওয়া হয়নি বা বিদ্যুতের ভিআইপি লাইনেও অন্তর্ভুক্ত করা হয়নি। চিকিৎসকদের বেতনের টাকায় কেনা আইপিএসটিও বিকল হয়ে গেছে।
চিকিৎসক গোলাম মাহবুব শিকদার ও আল আমিন মিয়াজী বলেন, বাইরে রোদ থাকলে বহির্বিভাগে কাজ করতে অসুবিধা হয় না। কিন্তু বৃষ্টি-বাদলের দিনে চিকিৎসা দিতে অসুবিধা হয়। তখন মুঠোফোনের আলো আর মোমবাতিই ভরসা। বিদ্যুৎ না থাকায় রোগীরাও ভোগান্তিতে পড়ছেন। গত শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী উপজেলার ইছাপুর গ্রামের তানিয়া আক্তার ও দোঘর গ্রামের রেখা আক্তার বলেন, ‘বিদ্যুৎ নাই। প্রচণ্ড গরমে আমাদের খুব কষ্ট হচ্ছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ আলম মোল্লা বলেন, জেনারেটরের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতি মাসে আবেদন পাঠানো হচ্ছে। কিন্তু একটি নতুন জেনারেটর বরাদ্দ পাওয়ার কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না।