মোমবাতি জ্বালাতে গিয়ে আগুনে পুড়ল তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরাগেন্ডারিয়া এলাকায় অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন সদস্য পুড়ে গেছেন। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে মোমবাতি জ্বালানোর সময় ঘরে আগুন লেগে যায়।

অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন মো. শাহিন (২৫), তাঁর দুই বোন আছিয়া বেগম (১৭) ও তাসলিমা আক্তার (১৫)। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছেন। তাঁদের গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর থানার চরগোবিন্দপুর এলাকায়।
অগ্নিদগ্ধ শাহিনের বড় বোন জুলেখা বেগমের ভাষ্য, ‘আমার ভাই শাহিন রাজমিস্ত্রির কাজ করে। দুই মাস আগে আমার বোনকে নিয়ে সে এই বাসা ভাড়া নিয়েছে। শুনেছি ভোরে কাজে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে মোমবাতি জ্বালাতে গেলে ঘরে আগুন লেগে যায়।’

অগ্নিদগ্ধ শাহিনের প্রতিবেশী মনির হোসেনের ভাষ্য, ‘আমরা ঘুমিয়ে ছিলাম। ভোরবেলা হঠাৎ বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। পরে দরজা খুলে দেখি শাহিনের ঘরে আগুন জ্বলছে। এলাকাবাসী ছুটে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।’ তিনি জানান, গত ২০ আগস্ট ভোররাতে একই ঘরে মশার কয়েলের আগুনে একই পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ হয়। তাঁদের মধ্যে তিনজন মারা যান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরের পাশ দিয়ে নেওয়া গ্যাসলাইনের পাইপ ফুটো (লিকেজ) হওয়ায় এ অগ্নিকাণ্ডটি ঘটে থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত চলছে।

২০ আগস্ট একই ঘরে মশার কয়েলের আগুনে পুড়ে যায় একই পরিবারের পাঁচ সদস্য। তাঁরা হলেন রাফিয়া (৫০), তাঁর মেয়ে সালমা আক্তার (২২), সোনিয়া আক্তার (১১), ছেলে রকি (১৮) ও আকাশ (১৪)। তাঁদের মধ্যে মা রাফিয়া, আকাশ ও রকি মারা যান।