মোমবাতি জ্বালিয়ে দ্রুত বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্বকী হত্যার প্রতিবাদে গতকাল নারায়ণগঞ্জ নগরের ৫ নম্বর ঘাটে শীতলক্ষ্যার তীরে মোমবাতি প্রজ্বালন করা হয় l ছবি: প্রথম আলো
ত্বকী হত্যার প্রতিবাদে গতকাল নারায়ণগঞ্জ নগরের ৫ নম্বর ঘাটে শীতলক্ষ্যার তীরে মোমবাতি প্রজ্বালন করা হয় l ছবি: প্রথম আলো

মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ৪৪ মাস পূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জে সমাবেশ ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে। নগরের ৫ নম্বর ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত এ কর্মসূচি থেকে ত্বকীর হত্যাকারী ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তৃতাকালে ত্বকীর বাবা সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, বিচারহীনতার অপসংস্কৃতিতে দেশে দুর্বৃত্তদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। সাম্প্রদায়িক অপশক্তি ও রাজনৈতিক দুর্বৃত্তের ওপর সরকারের নির্ভরশীলতার কারণে সুশাসন ও বিচারব্যবস্থা প্রশ্নবিদ্ধ। রাজনৈতিক দুর্বৃত্তরা দেশের বিভিন্ন অঞ্চলে দুঃশাসন প্রতিষ্ঠা করেছে। চার বছরেও ত্বকীর ঘাতকদের সরকার বিচারের আওতায় আনেনি। বরং তাদের পুরস্কৃত করেছে। আজমেরী ওসমান ও অয়ন ওসমানরা ঘাতকদের নিয়ে ত্বকীকে হত্যা করেছে। র্যাবের তদন্তে তা প্রমাণিত হলেও আদালতে সে অভিযোগপত্র দেওয়া হচ্ছে না। ত্বকীর ঘাতকেরা সরকারের প্রশ্রয়ে বেপরোয়া।
রফিউর রাব্বী বলেন, ইতিহাসের সত্য হচ্ছে ইতিহাস থেকে কেউই শিক্ষা নেয় না। শাসনক্ষমতায় থাকা সরকার সব সময়ই নিজেদের চিরস্থায়ী বলে মনে করে। ত্বকীর ঘাতকেরা ১৬৪ ধারার জবানবন্দিতে আজমেরী ওসমানের নির্দেশে ও তাঁর নেতৃত্বে ত্বকীকে হত্যা করার কথা জানালেও সরকার বা প্রশাসন কেউই তাঁকে গ্রেপ্তার করেনি। অবিলম্বে আজমেরী ওসমানকে গ্রেপ্তার করে অভিযোগপত্র দেওয়ার দাবি জানান তিনি।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক হিমাংশু সাহা, গণসংহতির জেলা সমন্বয়ক তরিকুল সুজন, মহিলা পরিষদের শহর কমিটির সাধারণ সম্পাদক শাহানারা বেগম প্রমুখ।
২০১৩ সালের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ ও খুন করা হয়। পরে ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার সুলতান শওকত ওরফে ভ্রমর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, আজমেরী ওসমানের নেতৃত্বে কলেজ রোড এলাকায় তাঁর টর্চার সেলে নির্যাতন চালিয়ে ত্বকীকে হত্যা করা হয়।