মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা!

বিদ্যুৎ না থাকায় আজ রোববার উল্লাপাড়ায় চার্জার ও মোমবাতি জ্বালিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রের অন্ধকার কক্ষে শিক্ষার্থীদের অনেকেই নিজেরা মোমবাতি জ্বালিয়ে প্রথম দিনের বাংলা পরীক্ষায় অংশ নেয়।
আজ সকাল নয়টা থেকে ঝড় শুরু হলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পরে বিদ্যুৎবিহীন অবস্থাতেই সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়।
উল্লাপাড়া উপজেলা প্রশাসন সূত্র জানা গেছে, উপজেলায় এ বছর উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, সরকারি আকবর আলী কলেজ ও হামিদা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯৭১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রথম দিনেই বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়ে শিক্ষার্থীরা।
হামিদা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী নাজমুল, হালিম, শামীমা ও আঁখি বলে, অন্ধকারে তারা নিজ দায়িত্বে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে।
এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অন্ধকারে পরীক্ষা শুরুর পর দুপুর ১২টার দিকে বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক জুলফিকার রহমান বলেন, ঝড়ের কারণে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে। এতে পরীক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়। তবে পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে দ্রুত বিদ্যুৎ লাইন মেরামতের ব্যবস্থা নেওয়া হয়।