মোমবাতি প্রজ্বালন করে সংহতি প্রকাশ
রাঙামাটি জেলার বগাছড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত আদিবাসীদের প্রতি সংহতি জানিয়ে মোমবাতি প্রজ্বালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত আটটি সংগঠন। এ সময় ২০১৫ সালে পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে শান্তির প্রত্যাশাও করা হয়।
অনুষ্ঠানে বক্তারা ১৬ ডিসেম্বর রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বগাছড়িতে পুড়ে দেওয়া ক্ষতিগ্রস্ত আদিবাসীদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন, পার্বত্য চট্টগ্রামের সকল গণহত্যার বিচার ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
আট গণসংগঠনের সমন্বয় (কনভেনশন) কমিটির আহ্বায়ক সোনালি চাকমা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কিরণ মারমা, পৌর সমাজ উন্নয়ন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দিপায়ন চাকমা ও কনভেনশন কমিটির সদস্যসচিব অংগ্য মারমা।