মোমবাতিতে রাত কাটায় রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়। পাটখড়ির ওপর সিমেন্টে আবৃত ঘরে বর্তমান স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম চলছে। দুই লক্ষাধিক মানুষের চিকিৎসার ভরসাস্থল এ স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০ থেকে ৩১ শয্যায় উন্নীত করতে একনেকের এক সভায় সিদ্ধান্ত হয়। কিন্তু ২১ বছরেও সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি।সরেজমিনে দেখা গেছে, নির্মাণের পর স্বাস্থ্য কমপ্লেক্সটির কোনো উন্নয়ন হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র দুজন। তার মধ্যে ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম রোগী দেখার সময় পান না। অপর চিকিৎসক একা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খান। জরুরি বিভাগ, বহির্বিভাগ, ড্রেসিং রুম ও চিকিৎসকদের রোগী দেখার কক্ষ তিনটি নল-খাগড়ার ওপর সিমেন্টের প্রলেপ দিয়ে রাখা হয়েছে। আর ওপরে জরাজীর্ণ টিনের ছাউনি।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃষ্টি হলে কক্ষগুলোতে পানি পড়ে। জেনারেটর নেই। রাতে হারিকেন জ্বালাতে মাসে মাত্র ১৫ লিটার কেরোসিন বরাদ্দ দেওয়া হয়। তাও মাসের আধাআধি সময় এসে সেই কেরোসিন ফুরিয়ে যায়। রোগীরা তখন মোমবাতি জ্বালিয়ে রাত কাটান। ২০০৪ সালে খাগড়াছড়ি জেলা পরিষদ থেকে একটি এক্স-রে মেশিন দেওয়া হলেও ছয় বছরেও তা চালু করা সম্ভব হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী মাধবীলতা চাকমা (৭০) জানান, একজন চিকিৎসকের পক্ষে কত আর রোগী দেখা সম্ভব! নূর জাহান (৫৬) ব্যবস্থাপত্র হাতে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হতে হতে বললেন, ‘ডাক্তার দেখিয়েছি ঠিক। কিন্তু ওষুধগুলো বাজার থেকে কিনতে হবে। গরিব মানুষ, টাকাও নাই।’ বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা বলেন, ‘বাইরে থেকে দেখলে এটিকে স্বাস্থ্য কমপ্লেক্স মনে হবে না। আমরা প্রতি মাসেই মাসিক উন্নয়ন সমন্বয় সভায় স্বাস্থ্য কমপ্লেক্সটির উন্নয়নের দাবি জানিয়েছি।’ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্স ১০ শয্যা থেকে ৩১ শয্যায় উন্নীত করার জন্য জমি অধিগ্রহণ করা হচ্ছে।