মোমবাতির আলোয় সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা ৭টা ১ মিনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা। রাজু ভাস্কর্যের পাদদেশে কয়েক শ জ্বলন্ত মোমবাতি। যেন সবাই মিলে আলো দিয়ে সন্ত্রাসের অন্ধকার বিতাড়িত করার শপথ।
গতকাল শুক্রবার সন্ত্রাসবিরোধী রাজু দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে। ১৯৯২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবিরোধী মিছিল করতে গিয়ে গুলিতে নিহত হন ছাত্র ইউনিয়নের নেতা মঈন হোসেন রাজু। তাঁর স্মরণে ১৯৯৭ সালে টিএসসির সড়ক দ্বীপে ‘সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য’ তৈরি করা হয়।
সকালে সড়কদ্বীপের পাশের শহীদ রাজুর বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্র ইউনিয়নের নেতা-কর্মী, সাবেক নেতা ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। বিকেল সাড়ে চারটা থেকে রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। প্রতিবাদী গণসংগীতের মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্ন ব্যান্ড দল, উদীচী ও সাংস্কৃতিক সংঠনের কর্মীরা চলমান সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদ জানান। অনুষ্ঠানের মাঝেমধ্যেই মাইকে ঘোষিত হয় অনুষ্ঠানস্থলের অদূরেই সম্প্রতি নিহত হওয়া বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের বিচারের দাবি।
সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করে প্রতিবাদ জানানো হয় সব ধরনের সন্ত্রাসের। ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক লাকী আক্তার এ সময় উপস্থিত ছিলেন।