মোমবাতির আলোয় এইচএসসি পরীক্ষা!
বৃহস্পতিবার সকাল প্রায় ১০টা। একটু পরই শুরু হবে এইচএসসি পরীক্ষা। এ অবস্থায় চলে গেল বিদ্যুৎ। আবার আকাশ ঘন মেঘাচ্ছন্ন হওয়ায় পরীক্ষা কেন্দ্রে অন্ধকারের ঘনঘটা। পরে মোমবাতির আলোতেই শুরু হলো পরীক্ষা। নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, চাটখিল মাহবুব সরকারি কলেজ ও আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ঘটেছে এ ঘটনা। পরীক্ষা কেন্দ্রগুলোর কর্তৃপক্ষ ও পরীক্ষার্থীরা জানায়, গতকাল সকালে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার আগমুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এতে পরীক্ষার কক্ষগুলোতে আলোর স্বল্পতা দেখা দেয়। আবার তখন বিদ্যুৎও ছিল না। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে মোমবাতি সংগ্রহ করে আলোর ব্যবস্থা করে পরীক্ষা নেওয়া শুরু হয়। তিনটি কেন্দ্রের আট শতাধিক পরীক্ষার্থীকে মোমের আলোতেই পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষার্থী শিখা রানী, মরিয়ম আক্তার, মুন্নি আক্তার, মনিরুজ্জামানসহ কয়েকজন অভিযোগ করে, পরীক্ষার শুরুতেই কক্ষে আলোর স্বল্পতার কারণে উত্তরপত্রের ওএমআরের বৃত্ত ভরাট করতে তাদের সমস্যায় পড়তে হয়। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে চাটখিলের সর্বত্রই এখন জনজীবন অতিষ্ঠ। পল্লী বিদ্যুতের গ্রাহক শাহাপুর গ্রামের আবদুল্লাহ আল মাসুদ জানান, তাঁরা দিনরাত ২৪ ঘণ্টায় গড়ে এক-দুই ঘণ্টার বেশি বিদ্যুৎ পান না। লোডশেডিংয়ের কারণে, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে।তবে চাটখিল পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) গোপাল চন্দ্র শিব বলেন, এ উপজেলায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ১৭ মেগাওয়াট। এর বিপরীতে পাওয়া যায় তিন থেকে ছয় মেগাওয়াট। ফলে বাধ্য হয়েই লোডশেডিং দিতে হচ্ছে।