মোমিনুল-মাহবুবের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ হবে না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব আলম ও মোমিনুল হক
মাহবুব আলম ও মোমিনুল হক

বাবা দিনমজুর, বড় ভাই রাজমিস্ত্রি। সম্পত্তি বলতে ছয় শতকের বসতভিটা, তা-ও আবার মহাজনের কাছে বন্ধক। এমন এক পরিবারের সন্তান মোমিনুল হক এবার মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন।
মোমিনুলের সাফল্যে পরিবারের সবাই আনন্দে আত্মহারা। হাতে টাকা না থাকায় এলাকার লোকজনের চাঁদায় মেডিকেল কলেজে ভর্তি হতে পারলেও পড়ালেখা চালানোর খরচ নিয়ে এখন দুশ্চিন্তায় পড়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের দিনমজুর পরিবারের সন্তান মাহবুব আলম ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেলেও পড়াশোনা চালাবেন কীভাবে, তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা গ্রামের স্কুলপাড়ার বাসিন্দা আবুল কাশেমের তিন ছেলের মধ্যে মোমিনুল মেজো। মোমিনুলের এক ভাই দিনমজুর, আরেকজন দ্বিতীয় শ্রেণীতে পড়ছে। এ বছর মোমিনুল রংপুর মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন। অবশেষে এলাকার লোকজনের সহায়তায় ভর্তি হতে পেরেছেন।
মোমিনুল বলেন, ‘অনেকের সহযোগিতায় মেডিকেলে ভর্তি তো হয়েছি, কিন্তু পড়ার খরচ চলবে কীভাবে, এ কথা ভেবে বাবা-মাসহ পরিবারের সবাই দুশ্চিন্তায় পড়েছেন। আমি তাঁদের বলেছি, নিজে পড়ার খরচ জুগিয়ে নেব ঠিকই। যদিও জানি পড়ালেখা করে এ কাজটা করা বড়ই কষ্টকর।’
কাশেম জানালেন, তাঁর সম্পত্তি বলতে আছে ছয় শতকের এক টুকরো বসতভিটা। তা-ও আবার ১২ হাজার টাকার বিনিময়ে মহাজনের কাছে বন্ধক দেওয়া আছে। দিনমজুরি করে যেটুকু আয় হয়, তা দিয়ে অভাবের সংসার কোনোমতে চলে যায়।
মোমিনুলের মা মনোয়ারা বেগম বলেন, ‘অভাবের কারণে মোমিনুল কত দিন না খেয়ে স্কুলে গেছে ঠিক নেই। ওকে ডাক্তারি পাস করাতে পারলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে।’
মোমিনুল পাহাড়ভাঙ্গা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া মাহবুবের পরিবার সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জের দত্তপাড়া গ্রামের অত্যন্ত গরিব পরিবারের সন্তান মাহবুব। তাঁর দিনমজুর বাবা আলী হোসেন নানা রোগে আক্রান্ত। মা ফাতেমা আক্তার চার ছেলের পড়ালেখা আর সংসার চালাতে সেলাইয়ের কাজ করেন। মাহবুব নিজেও দিনমজুরি করে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাস করেছেন।
মাহবুবের বাবা বলেন, ‘নিজে সারা বছর নানা রোগে ভুগি। তাই অনেক স্বপ্ন দেহি, পোলাডা ডাক্তার অইবো; আমার রোগবালাই সব বালা কইর‌্যা দিব। দেশের বেবাক মানুষেরে বালা করব। কিন্তু পোলারে ডাক্তারি পড়ানোর খরচ অহন জোগাইয়াম কিবায়।’
মাহবুব আলম বলেন, ‘বহু কষ্টে বাবা-মায়ের স্বপ্ন পূরণে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছি। কিন্তু সেই আনন্দের পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছি।’