মোমেনা কাজ করতেন সাভারের ধসে পড়া রানা প্লাজার একটি পোশাক কারখানায়। তাঁর ভাইও কাজ করতেন। গত বছরের ২৪ এপ্রিল ভবনটি ধসে পড়ার সময় তিনি ছিলেন ছয় মাসের অন্তঃসত্ত্বা। দুর্ঘটনার পর ২০ ঘণ্টা ধ্বংসস্তূপে আটকে ছিলেন তিনি, বাঁ পা চাপা পড়েছিল। পরে ভাইয়ের লাশ পেয়েছেন, বাঁচাতে পারেননি গর্ভের সন্তান। চাপা পড়ে থাকা বাঁ পায়ের মাংসে পচন ধরেছিল।
ভাই ও সন্তান হারানোর শোক-কষ্ট এবং নিজের শরীরের যন্ত্রণার কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মোমেনা। তাঁর পাশে বসা সোনাবানু, রেহানা, সুরাইয়াদের চোখেও তখন পানি। তাঁদের কেউ রানা প্লাজা ধসে আহত শ্রমিক, আবার কেউ নিহত শ্রমিকের স্বজন। তাঁদের জীবনের কাহিনিও প্রায় একই রকম। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তাঁরা শোনালেন তাঁদের দুঃখগাথা।
মোমেনারা জানালেন, দুর্ঘটনার প্রায় এক বছর হতে চলল। এখনো তাঁরা পাননি ক্ষতিপূরণের টাকা। অনেকে স্বামী নিখোঁজ না মারা গেছেন, তা-ও জানেন না। অনেকে কিছু আর্থিক সহায়তা পেলেও তা স্বামী নিয়ে চলে গেছেন, আবার বিয়ে করেছেন। একজন জানালেন, আর্থিক সহায়তার টাকা তাঁর মা নিয়ে নিয়েছেন।
১৪ বছরের ইয়ানুর মায়ের সঙ্গে কাজ করত রানা প্লাজার একটি পোশাক কারখানায়। ওই দুর্ঘটনায় তার মা মারা গেছে, নিজের দুই পায়ে হাঁটুর নিচ থেকে শুধু হাড্ডিটুকু আছে। বাবা আবার বিয়ে করেছেন। ছোট ছোট পাঁচ ভাইবোন তাকে প্রশ্ন করে, ‘মা কই?’ গতকাল সবার উদ্দেশে ইয়ানুরের প্রশ্ন, ‘আপনারাই বলেন, আমি ভাইবোনগুলারে কী জবাব দিমু?’
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) রানা প্লাজার আহত নারী শ্রমিক এবং নিহত শ্রমিকদের পরিবারের কয়েকজন নারীকে নিয়ে গতকাল এ আয়োজন করে। ‘কর্মক্ষেত্রের দুর্যোগ ও নারীর বহুমাত্রিক দুর্ভোগ’ শীর্ষক এ আলোচনা সভায় উপস্থিত আলোচকেরা বলেন, ২৪ এপ্রিলের আগেই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শ্রমিকদের দেনা-পাওনা পরিশোধের জন্য সরকারকে চাপ দিতে হবে। একই সঙ্গে যাঁর যা প্রয়োজন, সে অনুযায়ী পুনর্বাসনেরও দাবি জানান।
মানবাধিকারকর্মী হামিদা হোসেন বলেন, মালিকেরা আইন মানছেন না বলেই বারবার ঘটছে এ ধরনের দুর্ঘটনা। মালিকদের হাতে ক্ষমতা আছে, তাঁরা জানেন আইন থাকলেও পার পেয়ে যাবেন। অন্যদিকে শ্রমিক কিছু বলবেন না, সরকারও শ্রমিকের কথা শুনবে না। তিনি রানা প্লাজার শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর তহবিলে কত টাকা জমা হয়েছে, কত টাকা বিতরণ করা হয়েছে, তার হিসাব জনসমক্ষে প্রকাশের দাবি জানান।
কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ দুর্ঘটনার দিনটিকে জাতীয় শ্রমিক সংহতি দিবস হিসেবে পালনের দাবি জানান। তিনি এ দুর্ঘটনাকে একটি দৃষ্টান্ত হিসেবে দেখে সরকারসহ সবাইকে তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, রানা প্লাজার দুর্ঘটনায় যে নারী শ্রমিক শারীরিকভাবে খুব বেশি আহত হননি, কিন্তু মানসিক ট্রমার কারণে ভবিষ্যতে সন্তান নিতে চাইলে সেই সন্তানের ওপরও তা প্রভাব ফেলবে। তিনি আহত শ্রমিক এবং নিহত শ্রমিকের পরিবার যাতে বাকি জীবন একটু হলেও ভালোভাবে কাটাতে পারে, সে ধরনের ব্যবস্থার ওপর জোর দেন।
আলোচনা সভায় সাংসদ শিরীন আখতার, বিলসের মহাসচিব নজরুল ইসলাম খান, শ্রমিকনেতা মেসবাহউদ্দিন আহমেদ, ওয়াজেদুল ইসলাম খান, সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খানসহ অন্যরা বক্তব্য দেন। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিলসের সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।