মোমেনার সঙ্গে রজার অসদাচরণ করছে, ধারণা স্বজনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি ছাত্রী মোমেনা সোমার বিরুদ্ধে ‘আইএস অনুপ্রাণিত হামলা’র অভিযোগে উদ্বিগ্ন তাঁর পরিবার। তাঁরা বলছেন, মোমেনা কোনোভাবেই জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকতে পারেন না।

মেলবোর্নে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতের অভিযোগে মোমেনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোমেনার পরিবারের সদস্যরা জানিয়েছেন, এক বছর আগে মেয়েটির মা মারা যায়। এরপর সে পর্দা করা শুরু করেন। তবে তাঁর মধ্যে জঙ্গিবাদে জড়ানো বা এ ধরনের কোনো পরিবর্তন লক্ষ করা যায়নি। তিনি খুবই মেধাবী ছাত্রী ছিলেন।

মোমেনা সোমার চাচা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুল আজিজ। তিনি আওয়ামী লীগ–সমর্থক শিক্ষকদের নীল দলের আহ্বায়ক ছিলেন।

অধ্যাপক আবদুল আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজ প্রথম আলোকে বলেন, ‘এই অভিযোগের কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। মোমেনা খুব মেধাবী ছাত্রী। বৃত্তি নিয়ে এ মাসের ১ তারিখে মাত্র সে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে গিয়েছে। মাত্র আট দিনের মাথায় তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে। আট দিনের মধ্যে সে কীভাবে জঙ্গিবাদের সঙ্গে জড়িত হয়ে যেতে পারে? এখানে থাকতে তো এমন কিছু দেখিনি।’

আবদুল আজিজ বলেন, মোমেনা যে বাসায় থাকত, সে বাসার মালিক একজন মালয়েশিয়ান। তাঁর ধারণা, রজার নামের ব্যক্তি মোমেনার সঙ্গে কোনো ধরনের অসদাচরণ করেছে। এ ঘটনা থেকেই এটা ঘটেছে।

আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, তাঁদের পারিবারিক পরিবেশে কেউ জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকতে পারে না। এখানে থাকতে এমন কোনো আচরণও মোমেনা করেননি। গ্রেপ্তার হওয়ার আগের সকালেই মোমেনা তাঁর বাবার সঙ্গে কথা বলেছেন। তখনো তিনি কোনো বিপদের আঁচ করতে পারেননি। তিনি বলেন, মোমেনা অস্ট্রেলিয়া যাওয়ার পর তাঁর সঙ্গেও কথা হয়েছে। মোমেনা বলেছেন, তিনি ভালো আছেন।

তবে, প্রকৃত সত্য উদ্‌ঘাটন চান আবদুল আজিজ। তিনি বলেন, ‘সেখানে কিছু তো একটা ঘটেছে। তিনি অস্ট্রেলিয়ায় থাকা তাঁর সহকর্মীদের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করছেন।’

মোমেনার বাড়ি নারায়ণগঞ্জে । তাঁর বাবা একটি ইনস্যুরেন্স কোম্পানিতে কাজ করেন। দুই বোনের মধ্যে মোমেনা বড়। ঢাকার মাস্টার মাইন্ড স্কুল থেকে ‘ও’ এবং ‘এ’ লেবেল শেষ করে মোমেনা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করেন। ২৪ বছর বয়সী মোমেনা ১ ফেব্রুয়ারি শিক্ষার্থী ভিসায় মেলবোর্নে এসেছিলেন। প্রথমে তিনি মেলবোর্নে বান্দুরা এলাকার একটি বাসায় ওঠেন। দুই দিন আগে বর্তমান বাসায় ওঠেন। তিনি স্থানীয় লাট্রোব বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে ভাষাতত্ত্বে পড়তে গিয়েছিলেন।

গতকাল শুক্রবার উত্তর মেলবোর্নের মিল পার্কের এক বাড়িতে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় ৫৬ বছর বয়সী এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাত করার অভিযোগে ওই ছাত্রীকে আটক করা হয়। ঘটনাটি সন্ত্রাসী হামলা বলে অভিযোগ করেছে পুলিশ।

আহত ব্যক্তির নাম রজার। ঘটনাস্থলে দ্রুত জরুরি সেবা কার্যক্রমের কর্মী ও পুলিশ সদস্যরা পৌঁছার পর ওই ছাত্রীকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ব্যাপক প্রভাব পড়েছে স্থানীয় বাংলাদেশি বিভিন্ন কমিউনিটিতে। ফেসবুকে অনেকে এ নিয়ে প্রশ্ন তুলেছেন। এ ঘটনা অভ্যন্তরীণ সংঘাত কি না, সেটা আরও খতিয়ে দেখতে অনুরোধ করেছেন কয়েকজন।