>

প্রার্থীরা গতকাল বিরামহীন প্রচারণা চালিয়েছেন। এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন বলেও ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছেন।
সিলেট-১ (মহানগর ও সদর) আসনের প্রার্থীরা গতকাল মঙ্গলবার বিরামহীন প্রচারণা চালিয়েছেন। বিভিন্ন শ্রেণিপেশার ভোটারদের সঙ্গে প্রার্থীরা মতবিনিময়ের পাশাপাশি ভোট প্রার্থনা করেছেন। প্রত্যেকেই নির্বাচিত হলে এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন বলেও ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছেন। এর বাইরে প্রার্থীদের সমর্থনে পোস্টার সাঁটানোর পাশাপাশি চলছে মাইকিংও।
গতকাল বেলা ১১টায় মির্জাজাঙ্গাল এলাকার রাজবাড়িতে মণিপুরি সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ কে আবদুল মোমেন (নৌকা)। এ সময় তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার আবার ক্ষমতায় এলে যদি দায়িত্ব পাই, তাহলে সিলেটের উন্নয়নে সততার সঙ্গে কাজ করব। বর্তমান সরকার গত ১০ বছরে দেশে ব্যাপক উন্নয়নকাজ করেছে, সবার নিরাপত্তা বেড়েছে। নারী জাগরণে প্রচুর কাজ করছে সরকার। যার ফলে নারীদের কর্মসংস্থান বাড়ছে।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেনু ভূষণ ব্যানার্জি। পুরো সভা সঞ্চালনা করেন সমেন্দ্র সিং। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক, সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত সনতু, কবি এ কে শেরাম, জাবেদ সিরাজ, নৃপেন্দ্র সিংহ, উত্তম সিংহ রতন, অশোক শর্মা প্রমুখ। সভা শেষে এ কে আবদুল মোমেন রাজবাড়ি এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বলেন, ‘সিলেটকে দৃষ্টিনন্দন করতে চাই। সিলেটকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। তার সবই পূরণ হবে শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় এলে। সিলেটের পাশাপাশি আমি দেশের জন্যও কাজ করে যেতে চাই। আমি যাতে সাদাকে সাদা, কালোকে কালো বলে সততার সঙ্গে কাজ করতে পারি, এ দোয়া করবেন।’ এ সময় তিনি ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সিলেটে গ্যাস–সংযোগ পুনরায় চালু করা হবে বলে ভোটারদের প্রতিশ্রুতি দেন।
বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর (ধানের শীষ) গতকাল সকালে নগরের সোবহানীঘাট এলাকার সবজি বাজারে এবং বিকেলে আম্বরখানা এলাকায় এক উঠান বৈঠকে অংশ নেন। সন্ধ্যার পর আম্বরখানা এলাকায় গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে জেলা ও মহানগর বিএনপির নেতাদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুক্তাদীর এ সময় বলেন, ‘দেশে এখন অগণতান্ত্রিক একটা ব্যবস্থা চলছে। এ থেকে জাতিকে পরিত্রাণ পেতে হলে বিএনপির প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।’

গণসংযোগকালে মুক্তাদীর আরও বলেন, সিলেটে গত ১০ বছরে যে উন্নয়ন হয়েছে, তা তথাকথিত উন্নয়ন। সাইফুর রহমানের পর সিলেটে কাঙ্ক্ষিত উন্নয়ন আর কেউ করেননি। দৃশ্যমান কিছু উন্নয়ন হয়েছে, কার্যকর কোনো উন্নয়নের দেখা সিলেটবাসী পাননি। তবে বিএনপি দলীয় মেয়র আরিফুল হক চৌধুরী নগরে উন্নয়ন করেছেন, সেটা বিএনপির নেতাদের মানসিকতার কারণেই হয়েছে। কারণ, বিএনপি সব সময় উন্নয়নে বিশ্বাসী। প্রকৃত উন্নয়ন চাইলে অবশ্যই ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।’
গণসংযোগকালে মুক্তাদীরের সঙ্গে মহানগর বিএনপির উপদেষ্টা তোফায়েল খান, সহসভাপতি মো. রেজাউল হাসান লোদী কয়েস লোদী, জ্যেষ্ঠ সদস্য মো. বদরুদোজ্জা বদর প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় গণসংযোগের সময় দলের জেলা ও মহানগর শাখার নেতারা উপস্থিত ছিলেন। এ সময় খন্দকার মুক্তাদীর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য ধানের শীষ প্রতীকে ভোট চান।
সিলেট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রেদওয়ানুল হক চৌধুরী রাজুর (হাতপাখা) বিমানবন্দর থানা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে রেদওয়ানুল হক চৌধুরী কার্যালয়টির উদ্বোধন করেন।
এদিকে বেলা তিনটার দিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী প্রণব জ্যোতি পাল (মই) নগরের সুবিদবাজার, লন্ডনী রোড ও লাভলী রোড এলাকায় গণসংযোগ করেন। এই আসনের অপর প্রার্থীদের অনেকেই গতকাল দিনভর সভা ও গণসংযোগ করেন।
এই আসনের অপর প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের (আইওজে) মুহম্মদ ফয়জুল হক (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ (আম), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উজ্জ্বল রায় (কোদাল), বাংলাদেশ মুসলিম লীগের মো. আনোয়ার উদ্দিন বুরহানাবাদী (হারিকেন) এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা নাসির উদ্দিন (বটগাছ)।