মোরগ নিয়ে লড়াই, আনারসে কাড়াকাড়ি
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচনের মেয়র ও নয়টি ওয়ার্ডের পদপ্রার্থীদের রোববার প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে মোরগ মার্কা নিয়ে লড়াই শুরু হয়ে যায়। আর পাঁচ মেয়র পদপ্রার্থীর প্রত্যেকে আনারস প্রতীক চেয়ে বসেন। প্রার্থীদের মধ্যে সমঝোতা করার পরামর্শ দেওয়া হয়। তাতেও সমাধান না হওয়ায় লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ চূড়ান্ত করা হয়।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রার্থী সাতজন। তার মধ্যে ছয়জন প্রার্থীই মোরগ প্রতীক চান। পরে লটারিতে মোরগ প্রতীক পান হোসাইন আহাম্মেদ।একইভাবে ১ নম্বর ওয়ার্ডে নয়জন প্রার্থীর পাঁচজনই মোরগ প্রতীক চান। লটারিতে মোরগ প্রতীক পান সিরাজ উদ্দিন। ২ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতীক চান তিনজন, লটারিতে প্রতীকটি পান আবুল হোসেন। ৫ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতীক চান চারজন প্রার্থী। ৬ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতীক চান তিনজন। ৭ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতীক চান ছয়জন। ৮ নম্বর ওয়ার্ডে চারজন। ৯ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতীক চান ছয়জন।তিনটি সংরক্ষিত নারী আসনে সব প্রার্থীই কলস প্রতীক চান। সেখানে প্রার্থীরা কোনো সমঝোতায় না আসায় লটারির মাধ্যমে কলস প্রতীক বরাদ্দ দেওয়া হয়।উপজেলা নির্বাচন কর্মকর্তা শওকত আলী প্রথম আলোকে বলেন, মেয়র পদের প্রার্থীরা সবাই আনারস প্রতীক বরাদ্দ চান। আর সবগুলো ওয়ার্ডের বেশির ভাগ কাউন্সিলর প্রার্থী মোরগ প্রতীক চান। পরে তাঁদের লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। লটারিতে মেয়র পদে আনারস প্রতীক পান রেজাউল করিম। বাকিদের মধ্যে মজিবুর রহমান (দেওয়াল ঘড়ি), সিকদার মোশারফ (দোয়াত কলম), শওকত আলী খান (কাপ পিরিচ) ও হজরত আলীকে (তালা) প্রতীক বরাদ্দ দেওয়া হয়।