মোরশেদ খানসহ ১৩ জনের আগাম জামিন আত্মসমর্পণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তাঁর স্ত্রী নাছরিন খান, ভাই আসগর করিমসহ ১৩ জনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়ে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ তাঁদের করা পৃথক জামিন আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।

অপর ১০ জন এবি ব্যাংক লিমিটেডের বর্তমান ও সাবেক কর্মকর্তা। চার সপ্তাহ পর আবেদনকারীদের ঢাকার জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (সিটিসেল) নামে এবি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে সাড়ে তিন শ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে গত ২৮ জুন রাজধানীর বনানী মডেল থানায় ১৬ জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক।

আদালতে মোরশেদ খান, নাছরিন খান ও আসগর করিমের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। অপর ১০ জনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শেখ বাহারুল ইসলাম ও আসাদুর রউফ। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

শাহ মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, মোরশেদ খান, তাঁর স্ত্রী নাছরিন খান ও ভাই আসগর করিমকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এরপর তাঁদের ঢাকার জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।