থাইল্যান্ডের উপকূলে আন্দামান সাগরে আংশিক ডুবে যাওয়া বাংলাদেশি জাহাজ এমভি হোপ থেকে গত শুক্রবার উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন জাহাজের প্রধান কর্মকর্তা মাহবুব মোরশেদ (৪৫) ও প্রধান প্রকৌশলী কাজী সাইফুদ্দিন (৫২)।
গতকাল মোরশেদের মৃত্যুর খবর জানার পরপরই কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী রিজভীনা মাহবুব। বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। এমভি হোপের দুর্ঘটনার পর থেকেই নানা ভয় আর শঙ্কা জেঁকে বসেছিল তাঁর মধ্যে। এখন পরিবারে চলছে মাতম।
মাহবুব মোরশেদের বড় মেয়ে চার বছরের যাহরার একটাই কথা, ‘আমার বাবাকে চাই। সাগর থেকে বাবাকে এনে দাও।’ যাহরার কান্নায় চট্টগ্রামের হালিশহরের কে ব্লকের ২/১ নম্বরের বাড়ির বাতাস ভারী হয়ে উঠেছে। মোরশেদের ছোট মেয়ে যাইমার বয়স এক বছর। রিজভীনা ছোট দুই মেয়েকে ভরসা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না।
এদিকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত নিখোঁজ অপর ছয় নাবিকের সন্ধান মেলেনি। তাঁরা হলেন জাহাজের ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার, দ্বিতীয় প্রকৌশলী মো. নেজাম উদ্দিন, ইলেকট্রিশিয়ান মো. সাদিম আলী, চিফ কুক নাসির উদ্দিন, নাবিক মো. নাসির উদ্দিন ও মো. আলী হোসেন।
থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন এমভি হোপের নাবিক আবু বকর সিদ্দিক মোরশেদ ও সাইফুদ্দিনের মরদেহ শনাক্ত করেন। সাইফুদ্দিনের বাড়ি ঢাকায়। এ নিয়ে এমভি হোপের নয়জন নাবিককে জীবিত এবং দুজনকে মৃত উদ্ধার করা হলো। জীবিত উদ্ধার হওয়া নাবিকেরা হলেন দ্বিতীয় প্রকৌশলী মো. মোবারক হোসেন, ডেক ক্যাডেট মুশফিকুর রহমান, রায়েক ফাইরুজ ও মোখলেছুর রহমান, চতুর্থ প্রকৌশলী আবদুল হাকিম, নাবিক আবু বকর সিদ্দিক, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ ওসমান, সাইফুল ইসলাম।
জাহাজের মালিকের স্বার্থরক্ষাকারী প্রতিষ্ঠান ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের গতকাল প্রথম আলোকে বলেন, ‘সাধারণত পানিতে লাইফ জ্যাকেটের সাহায্যে ৭২ ঘণ্টা পর্যন্ত মানুষ জীবিত থাকতে পারে। সে ক্ষেত্রে সময় যত গড়াচ্ছে, জীবিত উদ্ধারের আশা ততই কমছে। তবে আমরা এখনো আশায় আছি।’
দুর্ঘটনার দিন গত বৃহস্পতিবার এবং গত শুক্রবার এমভি হোপের নয়জনকে জীবিত উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরমুখী এমভি হোপ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বৃহস্পতিবার ভোরে থাইল্যান্ড উপকূলের কাছে আন্দামান সাগরে কাত হয়ে আংশিক ডুবে যায়। এ সময় জাহাজের ক্যাপ্টেন বিপজ্জনক মনে করে জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করলে নাবিকেরা লাইফবোটের সাহায্যে সাগরে ঝাঁপ দেন। এদিকে কাত হয়ে থাকা এমভি হোপকে উদ্ধার করতে থাইল্যান্ড উপকূল থেকে টাগ পাঠানো হচ্ছে। টাগের সাহায্যে জাহাজটি ভারসাম্য অবস্থায় রাখার চেষ্টা করা হবে বলে জাহাজের মালিকের প্রতিনিধি সূত্রে জানা গেছে।